শিক্ষার দুর্নীতি-সহ নানা বিষয়ে পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। সামনে আনতেন একের পর এক চাঞ্চল্যকর তথ্য। শাস্তিস্বরূপ স্কুল থেকেই সরিয়ে দেওয়া হয় অস্থায়ী এক শিক্ষিকাকে। দীর্ঘ ৭ বছর পর বিজেপি ক্ষমতায় আসার পর চাকরি ফিরে পেলেন ওই শিক্ষিকা। শিক্ষিকার নাম রমা বেজ। তিনি উদয়নারায়নপুরে বীরেশ্বর বালিকা বিদ্যালয়ের অস্থায়ী শিক্ষিকা হিসাবে কর্মরত ছিলেন। বদলের বাংলায় কাজ ফিরে পাওয়ায় শনিবার স্কুলে গিয়ে কাজে যোগ দেন রমাদেবী। ফের কাজ ফিরে পাওয়ায় খুশি তিনি। এজন্য বিজেপির শিক্ষা সেলের সদস্যদের ধন্যবাদও জানিয়েছেন রমা বেজ।
রমা বেজের অভিযোগ, সেই সময়ে বিধায়কের নির্দেশে আমাকে বিদ্যালয় এবং কলেজ দুটি জায়গা থেকেই অন্যায়ভাবে সরিয়ে দেওয়া হয়। সরকার পরিবর্তনের পর সেই চাকরি ফিরে পেলাম। পুনরায় বিদ্যালয়ের পরিবেশে আসতে পেরে ভালো লাগছে।
জানা গিয়েছে, ২০১৫ সাল থেকে উদয়নারায়নপুরে বীরেশ্বর বালিকা বিদ্যালয়ের অস্থায়ী শিক্ষিকা হিসাবে কর্মরত ছিলেন রমা বেজ। তিনি বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেনীতে পরিবেশবিদ্যা পড়াতেন। পাশাপাশি তিনি উদয়নারায়নপুরের মাধবীলতা কলেজেও অতিথি অধ্যাপিকা ছিলেন। তিনি তৃণমূল সরকারের সময়ে বিজেপির হয়ে বিভিন্ন শিক্ষা আন্দোলনে অংশ নিতেন। রাজ্যপালের কাছে বিজেপির পক্ষ থেকে ডেপুটেশনেও গিয়েছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই পূর্বতন তৃণমূল সরকারের তৎকালীন ‘প্রভাবশালী’ নেতাদের কুনজরে পড়ে যান রমাদেবী। তাঁর উপর নেমে আসে শাস্তির কোপ। রাতারাতি বীরেশ্বর বালিকা বিদ্যালয়ের অস্থায়ী শিক্ষিকা পদ থেকে সরিয়ে দেওয়া হয় রমা বেজকে। এমনকী মাধবীলতা কলেজে অতিথি অধ্যাপিকা হিসাবে যে কাজ করছিলেন, তাও চলে যায়।
রমা বেজের অভিযোগ, সেই সময়ে বিধায়কের নির্দেশে আমাকে বিদ্যালয় এবং কলেজ দুটি জায়গা থেকেই অন্যায়ভাবে সরিয়ে দেওয়া হয়েছিল। সরকার পরিবর্তনের পর সেই চাকরি ফিরে পেলাম। পুনরায় বিদ্যালয়ের পরিবেশে আসতে পেরে ভালো লাগছে। ওই শিক্ষিকার কথায়, বিজেপি শিক্ষা সেল এক্ষেত্রে অনেকটাই সাহায্য করেছে। এজন্য খুশি তিনি। যদিও বালিকা বিদ্যালয়ের অস্থায়ী শিক্ষিকার চাকরিটা আপাতত তাঁকে দেওয়া হয়েছে। তবে কলেজের চাকরিটা ফিরে পেলেও ভালো হয়, বলছেন রমাদেবী।
