ত্রিপুরার ভিলেজ কমিটির ভোটে তিপ্রা মথার জয়জয়কার। প্রধান শক্তিশালী দল হিসাবে উঠে এল মহারাজ প্রদ্যুৎ কিশোর দেবর্মনের দল। দ্বিতীয় স্থানে বিজেপি। ধুয়েমুছে সাফ সিপিএম-কংগ্রেস।
গত ২৮ সেপ্টেম্বর ৫৮৭টি গ্রাম কমিটিতে নির্বাচন হয়। ভোট পড়ে ৮১ শতাংশ। মোট ৪ হাজার ৫৯৭টি আসনের মধ্যে ২ হাজার ৯৫০টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। বাকি ১ হাজার ৬৪৪টি আসনে তিপ্রা মথা ও বিজেপির প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। সোমবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় ভোট গণনা। সেখানে প্রধান শক্তিশালী দল হিসাবে উঠে আসে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেবর্মনের দল। কার্যত ধুয়েমুছে সাফ সিপিএম-কংগ্রেস।এবারের ভোটে জোট বেঁধে লড়াই করেছিল তিপ্রা মথা ও বিজেপি। অধিকাংশ আসনেই জয়লাভ করেছে এনডিএ জোট। ভোট গণনার শুরু থেকেই এগিয়ে থাকে তিপ্রা মথার প্রার্থীরা।জয়ীদের অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।
ভোট গণনার সময় এদিন বেশ কিছু জায়গায় অশান্তি ছড়ায়। জানা গিয়েছে, বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছে এক তিপ্রা মথা সমর্থকের। ওয়ারেংবাড়িতে দুষ্কৃতীদের গুলিতে আহত হয়েছেন তিপ্রা মথা প্রার্থী। এরপরই আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এছাড়াও গোমতী জেলার কিছু অংশে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়।
