দেশের প্রিমিয়াম ট্রেনগুলির মধ্যে একটি বন্দে ভারত। চেয়ার কারের পাশাপাশি ভারতীয় রেল ট্র্যাকে ছুটছে বন্দে ভারতের স্লিপার ভার্সনও। ফলে শুধুমাত্র বসে যাওয়া নয়, শুয়েও যাত্রা করা যাচ্ছে দেশের প্রথম এই সেমি বুলেট ট্রেনটিতে। তবে এবার আগে থেকে টিকিট না কাটলে ওঠা যাবে না বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে। কারণ এই ট্রেনের জন্য আর কোনওরকম তৎকাল কোটা রাখছে না ভারতীয় রেল। অর্থাৎ হঠাৎ করে টিকিট কেটে আর ওঠা যাবে না দেশের প্রথম বন্দে ভারতের স্লিপার ভার্সনে।
রেলের এক আধিকারিক ড. শিবম শর্মা জানিয়েছেন, বন্দে ভারত স্লিপার ট্রেনে কোনও তৎকাল কোটা রাখা হচ্ছে না। মূলত যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বর্তমানে সারা দেশে তিনটি বন্দে ভারত এক্সপ্রেস চলে। চলে হাওড়া-কামাখ্যা-হাওড়া বন্দে ভারত স্লিপার, বারাণসী-নয়া দিল্লি- বারাণসী বন্দে ভারত স্লিপার এবং বেঙ্গালুরু-মুম্বই বেঙ্গালুরু বন্দে ভারত স্লিপার। এই তিনটি ট্রেনের ক্ষেত্রেই তৎকাল কোটা রাখা হচ্ছে না বলে প্রকাশিত ওই খবরে দাবি করা হয়েছে। ফলে এখন থেকে শুধুমাত্র এআরপি অর্থাৎ অ্যাডভান্স রিজ়ার্ভেশন পিরিয়ড- এই নিয়ম মেনেই প্রিমিয়াম এই ট্রেনের টিকিট কাটতে পারবেন যাত্রীরা। কিন্তু কেন এই সিদ্ধান্ত?
ওই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রেলের এক আধিকারিক ড. শিবম শর্মা জানিয়েছেন, বন্দে ভারত স্লিপার ট্রেনে কোনও তৎকাল কোটা রাখা হচ্ছে না। মূলত যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে শিবম শর্মার যুক্তি, জেনারেল কোটায় সমস্ত আসন ছাড়া থাকলে আরও বেশি করে এই ট্রেনে যাত্রার সুবিধা পাবেন যাত্রীরা। যদিও একাংশের কথায়, রেলের এহেন সিদ্ধান্তে সমস্যা হবেই। হঠাৎ প্রয়োজনে তৎকাল টিকিট কাটা হয়। যদি প্রয়োজনে না পাওয়া যায় সেক্ষেত্রে সমস্যা হবেই।
বলে রাখা প্রয়োজন, ১৬ কোচের বন্দে ভারত স্লিপার সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। কবচ, ইমার্জেন্সি টক ব্যাক সিস্টেমের মতো অত্যাধুনিক সমস্ত পরিষেবার সুবিধা রয়েছে এই ট্রেনে। জানা গিয়েছে, ১৬টি কোচের মধ্যে ১১টি এসি থ্রি-টায়ার, চারটি এসি ২ টায়ার এবং একটি ফার্স্ট ক্লাস এসি কোচ রয়েছে। একসঙ্গে ৮২৩ জন যাত্রী নয়া এই ট্রেনে যাত্রা করতে পারেন।
