দইয়ের সঙ্গে বাঙালির পরিচয় বহুদিনের। দুপুরের পাতে হোক বা খাবার শেষে, টক দইয়ের কদর বরাবরই রয়েছে। তবে প্রোবায়োটিকের কথা উঠলে এখন আলোচনায় আসছে আরও একটি নাম- কেফির। দুধ থেকে তৈরি এই খাবারে রয়েছে নানা ধরনের উপকারী ব্যাকটেরিয়া ও ইস্ট।
অন্ত্রের ভিতরে থাকা অণুজীবের ভারসাম্য ও বৈচিত্র্য বজায় রাখতে যাঁদের রয়েছে ভূমিকা। দেখতে অনেকটা দইয়ের মতো হলেও কেফির তৈরির কৌশল একেবারেই আলাদা। আর তার জন্য প্রয়োজন হয় বিশেষ এক উপকরণ, যার নাম কেফির গ্রেনস।
কেফির গ্রেনস আসলে কী? নামের সঙ্গে শস্যদানার ধারণা জড়িয়ে থাকলেও এগুলি কোনও শস্য নয়। বরং উপকারী ব্যাকটেরিয়া ও ইস্টের সমষ্টি। প্রাকৃতিক পলিস্যাকারাইড ও প্রোটিনের তৈরি বিশেষ খাবারে অণুজীবগুলি একসঙ্গে থাকে। দুধের সংস্পর্শে এসে তারাই শুরু করে ফার্মেন্টেশন প্রসেস। এই প্রক্রিয়ার ফলেই তৈরি হয় কেফির।

সাধারণ দই বা ইয়োগার্টের তুলনায় কেফিরে অণুজীবের বৈচিত্র্য বেশি থাকতে পারে। এই বৈচিত্র্য অন্ত্রের স্বাস্থ্যের পক্ষে সহায়ক হতে পারে। দুধ থেকে তৈরি হওয়ার কারণে এতে প্রোটিন ও ক্যালসিয়ামের মতো পুষ্টি উপাদানও থাকে। তবে কেফিরে ঠিক কতটা প্রোবায়োটিক থাকবে, তা নির্ভর করে ব্যবহৃত গ্রেনস, দুধ এবং ফার্মেন্টেশন প্রসেসের সময়ের উপর।
বাড়িতে কেফির তৈরি করতে খুব বেশি ঝক্কি নেই। দুধ ও কেফির গ্রেনস থাকলেই তৈরি করা সম্ভব এই খাবার।
বাড়িতে কেফির তৈরির নিয়ম
প্রথমে একটি কাচের বয়াম ভালো করে পরিষ্কার করে জীবাণুমুক্ত করে নিতে হবে। তাতে দিতে হবে কেফির গ্রেনস। এ বার ফুল ফ্যাট দুধ ফুটিয়ে ঘরের তাপমাত্রায় ঠান্ডা করে নিন। সেই দুধ ঢেলে দিন গ্রেনস রাখা বয়ামে। বয়ামের মুখ পরিষ্কার টিস্যু পেপার দিয়ে ঢেকে রাখতে হবে। তবে ঢাকনা আঁটসাঁট করে বন্ধ করা যাবে না। এ ভাবে ১২ থেকে ২৪ ঘণ্টা রেখে দিন ফার্মেন্টেশন প্রসেসের জন্য।
সময় পেরলে একটি ছাঁকনি দিয়ে মিশ্রণটি ছেঁকে নিন। ছাঁকনির ফাঁক একটু বড় হলে সুবিধা হবে। তাতে দুধ থেকে তৈরি কেফির আলাদা হয়ে যাবে এবং ছাঁকনিতে থেকে যাবে গ্রেনস। ব্যস, তৈরি কেফির।

একই গ্রেনস দিয়ে বারবার তৈরি করা যায়
কেফির তৈরির আরও একটি সুবিধা হল, এর গ্রেনস একবার ব্যবহার করেই ফেলে দিতে হয় না। কেফির ছেঁকে নেওয়ার পর গ্রেনসগুলি তুলে অন্য একটি পরিষ্কার কাচের বয়ামে রাখতে হবে। পরের বার আবার দুধ মিশিয়ে তৈরি করা যাবে নতুন কেফির। অর্থাৎ, একবার গ্রেনস কিনলে তা দিয়ে একাধিক বার কেফির বানানো সম্ভব।
স্বাদের দিক থেকেও কেফিরের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। সাধারণ দইয়ের মতো এটি অতটা ঘন বা মসৃণ নাও হতে পারে। বরং স্বাদে হালকা মিষ্টি ভাব থাকে। সাধারণ দইয়ের মতো অতটা টক বা ঝাঁঝালোও নয়। তাই পরিচিত দইয়ের বাইরে অন্য কোনও ফার্মেন্টেশন প্রসসে তৈরি গাঁজানো খাবার চেখে দেখতে চাইলে কেফির হতে পারে নতুন সংযোজন।
