Hashtagintro

দক্ষিণেশ্বর-বেলুড় মঠে হবে রোপওয়ে! গড়করির সঙ্গে বৈঠকের পর কী জানালেন মুখ্যমন্ত্রী?

পালাবদলের পর রাজ্যকে ঢেলে সাজানোর অঙ্গীকার নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের মন্দিরগুলির সংস্কারের কাজও শুরু হয়েছে ইতিমধ্যেই। এবার দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ পর্যন্ত রোপওয়ে চালুর ভাবনাচিন্তা করা হচ্ছে। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ির সঙ্গে বৈঠকের পর এই ভাবনার কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

প্রায় প্রতিদিন বেলুড় মঠ, দক্ষিণেশ্বরে পুণ্যার্থীদের ভিড় লেগেই থাকে। বিশেষ দিনে ভক্ত সমাগম একধাক্কায় বেড়ে যায় বেশ খানিকটা। বর্তমানে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যাতায়াতের জন্য গাড়ি, ট্যাক্সির বন্দোবস্ত রয়েছে। সেক্ষেত্রে সড়কপথে জিটি রোড এবং বালি ব্রিজ হয়ে যাওয়া যেতে পারে। আবার গঙ্গাপথেও যাতায়াত সম্ভব। ফেরি কিংবা লঞ্চের সুবন্দোবস্ত রয়েছে। এবার রোপওয়ের বন্দোবস্ত করার ভাবনা চলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, রোপওয়ের জন্য ম্যাপিংয়ের কাজ শুরু হয়েছে।

দার্জিলিং এবং কার্শিয়াংয়েও রোপওয়ে পরিষেবা চালুর সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। ডিপিআর করে এই প্রকল্পের কাজও চলছে বলেই জানান মুখ্যমন্ত্রী। বর্তমানে কার্শিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত হিলকার্ট রোড বা বিকল্প পাহাড়ি পথ দিয়ে যাতায়াত করতে হয়। তবে সেক্ষেত্রে পর্যটনের মরশুমে তীব্র যানজট তৈরি হয়। বর্ষার মরশুমে ধসের জেরেও বিপাকে পড়েন পর্যটকরা। সেই সমস্যা দূর করতেই এবার রোপওয়ের ভাবনা শুভেন্দু সরকারের।

এদিকে, শৈলশহরে যানজট সমস্যা সমাধানে কলকাতা পুলিশের পাঁচ সদস্যের বিশেষজ্ঞ দল বৃহস্পতিবার থেকে চার দিনের সমীক্ষার কাজ শুরু করেছে। এরপরেই দলটি দার্জিলিং, কার্শিয়াং, সোনাদা ও জোড়বাংলোর যানজটপ্রবণ এলাকাগুলি পরিদর্শন করবে। গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করে যানজট কমানো, পার্কিং সমস্যার সমাধান এবং সড়ক নিরাপত্তা উন্নয়নের জন্য দলটি বিভিন্ন পদক্ষেপের সুপারিশ করবে। দার্জিলিং পুলিশের অনুরোধের এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কলকাতা ট্রাফিক পুলিশের এই দলে রয়েছেন একজন ডেপুটি কমিশনার, তিনজন ইন্সপেক্টর এবং একজন সার্জেন্ট। চার দিন ধরে দার্জিলিং জেলায় থেকে সেখানকার ট্রাফিক ব্যবস্থা তাঁরা পর্যালোচনা করবেন বলে জানা গিয়েছে।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language