ভোটের আগে তৃণমূলের তোলাবাজির বিরুদ্ধে সরব হয়েছিলেন। সরকার বদলের সাত মাসের মাথায় এবার নিজের দলের বিরুদ্ধেই সেই অভিযোগ ঠেকাতে পথে উত্তর ২৪ পরগনার হাবড়ার বিজেপি বিধায়ক দেবদাস মণ্ডল। বুধবার জয়গাছি সংলগ্ন সুতিবস্ত্র হাটে ব্যবসায়ীদের তোলা না দেওয়ার আবেদন জানিয়ে মাইক হাতে দোকানে দোকানে ঘুরলেন তিনি। বিধায়কের নাম করে বিজেপি কর্মীদের তোলাবাজির অভিযোগ সামনে আসতেই এই উদ্যোগ। ব্যবসায়ীদের ভয় না পেয়ে থানায় অভিযোগ করার পরামর্শ দেন দেবদাস। তাঁর হুঁশিয়ারি, “হাবড়ায় এক টাকাও তোলাবাজি কাউকে করতে দেব না। কেউ তোলাবাজি করলে থানায় অভিযোগ করতে বলেছি। আমার কাছে খবর এলে, তিনি যেই হোন না কেন, তাঁর হাঁটুর মালাইচাকি ভেঙে দেব। তিনি আমার দলের কর্মী হলেও।”
বদলের বাংলায় তোলাবাজি কোনওভাবেই বরদাস্ত করা হবে না, কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকী তোলাবাজি, সিন্ডিকেটরাজ বন্ধে একাধিক পদক্ষেপও নেওয়া হয়েছে সরকারের তরফে।
প্রসঙ্গত, ভোটের প্রচারে তৎকালীন পুর চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহাকে ‘কালীচরণ’ কটাক্ষ করে ২৪টি ওয়ার্ডের দুর্নীতির ফাইল হাতে থাকার দাবি করেছিলেন দেবদাস। ভোটে জিতলে সেই ফাইল খুলে অভিযুক্তদের জেলে পাঠানোর প্রতিশ্রুতিও দেন। সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি বলে অভিযোগ বিরোধীদের। এখন নিজের দলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ওঠায় বিধায়কের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে তারা। সিপিএমের হাবড়া এরিয়া কমিটির সম্পাদক প্রসেনজিৎ দত্তের প্রশ্ন, তোলাবাজ কারা, বিধায়ক জানেন যখন, থানায় অভিযোগ না করে প্রচার কেন? হাবড়া শহর কংগ্রেস সভাপতি প্রণব ভট্টাচার্যেরও প্রশ্ন, পুলিশের কাছে যাচ্ছেন না কেন বিধায়ক?
বলে রাখা প্রয়োজন, বদলের বাংলায় তোলাবাজি কোনওভাবেই বরদাস্ত করা হবে না, কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকী তোলাবাজি, সিন্ডিকেটরাজ বন্ধে একাধিক পদক্ষেপও নেওয়া হয়েছে সরকারের তরফে। এমনকী বিজেপির রাজ্য সভাপতি তোলাবাজি, সিন্ডিকেট রুখতে একাধিকবার কড়া বার্তা দিয়েছেন। কিন্তু এরপরেও একের পর এক জায়গায় তোলাবাজির অভিযোগ সামনে আসছে। যা নিয়ে রীতিমতো বিব্রত বঙ্গ বিজেপি শিবির। এহেন পরিস্থিতিতে খোদ বিজেপি বিধায়ককে ময়দানে নামতে হল। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
