ডাকাতের নাতি যে ডাকাতই হবে, সে কথা কোন শাস্ত্রে লেখা আছে? ভাগ্যিস লেখা নেই। তবে লেখা থাকলেও তাকে ভুল প্রমাণ করে দিতেন মধ্যপ্রদেশের দেব প্রভাকর সিং। দেবের দাদু রামগোবিন্দ সিং তোমার। চম্বলের কুখ্যাত ডাকাত ছিলেন তিনি। ছিলেন দাগি আসামিও। কিন্তু দেব দাদুর পথে হাঁটেননি। নিজের শিক্ষক বাবার (বলবীর সিং তোমার) আদর্শ মেনে এগিয়ে দেব বেছে নিয়েছেন দেশের হয়ে কাজ করার পথ। বর্তমানে ভারতীয় রেলে কর্মরত দেব। যদিও তার আগে স্বল্প সময়ের জন্য চাকরি করেছেন নেদারল্যান্ডসে।
মধ্যপ্রদেশ বোর্ডের একটি স্কুল থেকে পড়াশোনার পাঠ শুরু হয়েছিল দেবের। পরে ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি হন। দ্বাদশের পরীক্ষার পাশাপাশি আইআইটির প্রবেশিকা পরীক্ষাও দেন। আইআইটি রোপারে ভর্তির সুযোগ পান। সেখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন। পড়াশোনা শেষ করতে না করতেই ক্যাম্পাসিংয়ের মাধ্যমে নেদারল্যান্ডসে নামী সংস্থায় চাকরি পেয়ে যান। কিন্তু সেখানে গিয়ে মন টিকছিল না তাঁর। তাই চাকরি ছেড়ে দেশে ফিরে আসেন। শুরু হয় সিভিল সার্ভিসে বসার তোড়জোড়। প্রথম বার প্রিলিমিনারিতেও পাস করেননি দেব। দ্বিতীয় বারও ব্যর্থ হন। তৃতীয় বারে প্রিলিমিনারি এবং মেনস, উভয়
পরীক্ষাতেই সফল হয়ে ইন্টারভিউ রাউন্ড অবধি পৌঁছন।
কিন্তু সেখানে গিয়ে ফের হতাশার শিকার হতে হয় দেবকে। এর মধ্যে তিনি বিয়ে করেন। ফলে সংসার সামলানোর চাপ এসে পড়ে তাঁর কাঁধে। তাই দিল্লিতে একটি স্কুলে শিক্ষকতা শুরু করেন। কিন্তু মনের মধ্যে পরীক্ষার বসার আগ্রহ থেকেই গিয়েছিল। তাই শিক্ষকতার পাশাপাশি দেব পরীক্ষায় বসার প্রস্তুতি নিতেও শুরু করেন। শেষ পর্যন্ত চতুর্থবার সফল হন তিনি। ২০২৫ সালের ইউপিএসসি ব্যাচে ৬২৯ র্যাঙ্ক নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হন। তারপর ‘ইন্ডিয়ান রেলওয়ে ট্রাফিক সার্ভিস’ (আইআরটিএস)-এর জন্য নির্বাচিতও হন দেব।