রবিবার অর্থাৎ দীপাবলির রাত থেকেই দিল্লিতে দূষণের মাত্রা পৌঁছেছে মারাত্মক পর্যায়ে। আপের দাবি, দিল্লির দূষণের মাত্রা নাকি ৩ হাজার ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে দিল্লির মন্ত্রী তথা বিজেপি নেতা কপিল মিশ্রর অভিযোগ, পাঞ্জাবে শস্যের গোড়া পোড়ানো হচ্ছে এখনই। একে ‘ষড়যন্ত্র’ বলেই দাবি তাঁর।
ঠিক কী বলেছেন তিনি? কপিলের দাবি, রাতের বেলায় খেতে আগুন লাগানো হয়েছে পাঞ্জাবে। তিনি দাবি করেন, উপগ্রহে তোলা ছবিতে দেখা গিয়েছে শনিবার যেখানে পাঞ্জাবের কৃষিজমিতে ১২৫টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে দীপাবলির রাতে সংখ্যাটা বেড়ে ১২০০-তে দাঁড়িয়েছে। কপিলের অভিযোগ, “এটা কৃষক এবং দিল্লির জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র।” পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টি নিয়ে তদন্তের আহ্বানও জানান। তাঁর অভিযোগের তির আম আদমি পার্টির দিকে। দিল্লির আপের নেতারা যেসব এলাকায় গিয়েছেন, সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনি তাঁদের ফোন রেকর্ড যাচাই করারও দাবি জানান। কপিলের স্পষ্ট অভিযোগ, “দীপাবলিকে কলঙ্কিত করার একটি ষড়যন্ত্র দুদিন আগেই শুরু হয়েছিল।”
বলে রাখা ভালো, দিল্লির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ৫৯টি মনিটরিং স্টেশনের থেকে যে রিপোর্ট সামনে এসেছে, সেখানে বলা হচ্ছে, ১২টি স্টেশনে বাতাসের মান ছিল ‘সিভিয়ার’ অর্থাৎ গুরুতর এবং ২২টি স্টেশনে ‘ভেরি পুওর’ বা খুব খারাপ। আপের অভিযোগ, এই স্টেশনগুলি ইচ্ছাকৃতভাবে এমন এলাকায় বসানো হয়েছে যেখানে দূষণের মাত্রা অপেক্ষাকৃত কম। অন্যান্য স্টেশন সংলগ্ন এলাকায় জল ছেটানো হচ্ছে যেন দূষণের মাত্রা কম রেকর্ড হয়। আপ নেতা সৌরভ ভরদ্বাজ একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে নগর চৌখণ্ডী এলাকায় একিউআই পৌঁছে গিয়েছে ৩০৩৬-এ!
এদিকে কলকাতার অবস্থাও যথেষ্ট আশঙ্কাজনক। রাত ১টা নাগাদ কলকাতার বায়ুর গুণমান সূচক বা একিউআই পৌঁছে যায় ৫০০-এর কাছে। গত বৃহস্পতিবার শহরের বায়ুর গুণমান সূচক ছিল ৭০ থেকে ৮০-এর মধ্যে। দূষণের নিরিখে উত্তর কলকাতায় অবস্থা সবচেয়ে উদ্বেগের।
