বছর দুয়েক আগে হিন্দু দেবদেবীদের নিয়ে ‘চটুল রসিকতা’র জন্য ঠাঁই হয়েছিল শ্রীঘরে। যার জেরে কোণঠাসা হতে হয়েছিল মুনাওয়ার ফারুকীকে। দেশের বিভিন্ন প্রান্তে বাতিল হয় তাঁর কমেডি শো। সেসময়ে রীতিমতো কাজ ছিল জনপ্রিয় এই কৌতুকশিল্পীর হাতে। তবে ‘লক আপ সিজন ১’ এবং ‘বিগ বস ১৭’-এর মতো রিয়ালিটি শো জেতার সুবাদে ফের লাইমলাইটে মুনাওয়ার। একের পর এক বিতর্কের জেরে তাঁর জনপ্রিয়তাও নেহাত এখন মন্দ নয়। তবে এহেন সাফল্য কিন্তু একদিনে আসেনি। আট বছর বয়সে দিনমজুরি করে কীভাবে পেট চালাতেন মুনাওয়ার ফারুকী? জীবনের সেই সংগ্রামের কথাই এবার তুলে ধরলেন কৌতুকশিল্পী।
“আমি ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়েছি এবং আমার ক্লাসের মেধাবী ছাত্রদের মধ্যে একজন ছিলাম। প্রথম হতাম। কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে না পারার জন্য…”
বাস্তবের চপেটাঘাতকেই হাসির মোড়কে দর্শকের পাতে পরিবেশন করে মুনাওয়ার এখন স্টার। এবার নিজের সেই জীবনযুদ্ধের কথাই শোনালেন সানিয়া মির্জার পডকাস্ট ‘সার্ভিং ইট আপ উইথ সানিয়া’তে। মুনাওয়ার জানান, “আট বছর বয়সে আমি কাজ শুরু করি। একটি ছোট দোকানে বিভিন্ন জিনিস বিক্রি করতাম। দিনে ১০-২০ টাকা আয় হত। ১১ বছর বয়সে একটি গিফট শপে কাজ শুরু করলাম। যেখানে আমি দু’চার মাস কার করেছিলাম। কিন্তু আমার মনে আছে, আমার প্রথম কাজটা ছিল একটি বাসনপত্রের দোকানে।” অর্থাভাবে ষষ্ঠ শ্রেণীর বেশি পড়াশোনাও করতে পারেননি কৌতুকশিল্পী।

মুনাওয়ার জানান, “আমি পড়াশোনা করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম। আমি ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়েছি এবং আমার ক্লাসের মেধাবী ছাত্রদের মধ্যে একজন ছিলাম। প্রথম হতাম। কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে না পারার জন্য আমি কখনও হতাশ হইনি, কারণ এখন পেছন ফিরে তাকালে আমি বুঝি যে, আমি কাজ করতে কতটা ভালোবাসি। আমি কাজ করতে এতটাই ভালোবাসি যে আমি প্রতিদিন কাজ করতে পারি। ছুটি নিতে পছন্দ করি না। কাজ করে টাকা উপার্জন করা এবং পরিশ্রম করা উপভোগ করি। এতে ক্লান্ত হই না আমি।” কিন্তু ‘বিগ বস’ জেতার পর যেভাবে চর্চার শিরোনামে উঠে আসেন তিনি। সেই লাইমলাইট নিতে পারেননি। মুনাওয়ার বলেন, “‘বিগ বস’ জেতার কারণে অনেক কাজ পাচ্ছিলাম। কিন্তু দু’-আড়াই মাসের মধ্যেই বুঝতে পারলাম যে এটা আমার এবং আমার সন্তানের জন্য ভালো নয়। তখন আমার প্রাক্তন স্ত্রী বিয়ে করে নিয়েছে। আমার উপর গোটা পরিবারের দায়িত্ব। নমাজ পড়তে বসে শুধু কাঁদতাম আর প্রার্থনা করতাম, এই ভেবে যে আমার জীবনের সবকিছু যেন ঠিক হয়ে যায়।”
