ইন্দোরের পর এবার দিলজিৎ দোসাঞ্ঝের বেঙ্গালুরুর কনসার্টে বোমা হামলার হুমকি। দিলজিৎ এবং বিতর্ক যেন একে-অপরের সমার্থক। চব্বিশ সালে দেশজুড়ে অনুষ্ঠান করতে গিয়ে একাধিকবার নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে গায়ককে। কনসার্ট বাতিলের হুমকি থেকে নিষেধাজ্ঞা জারি হয়েছিল তাঁর দুটি গানের উপরও। ছাব্বিশ সালের মিউজিক্যাল ট্য়ুর নিয়েও কম ঘাত-প্রতিঘাত পেরতে হচ্ছে না গায়ককে। ‘পাঞ্জাব দা পুত্তরে’র দিল্লি কনসার্ট নিয়েও জটিলতা দেখা গিয়েছিল মাসখানেক আগে। শেষমেশ কড়া নিরাপত্তাবেষ্টনীতে রাজধানীর শ্রোতা-ভক্তদের সুরের মূর্ছনায় মাতান গায়ক। এবার বেঙ্গালুরুতে কনসার্টের প্রাক্কালে ফের ই-মেল মারফৎ হামলার হুমকি পেলেন ‘পাঞ্জাব দা পুত্তর’।
উল্লেখ, আইইডি বা বিস্ফোরক ডিভাইস ব্যবহারের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হবে। শুধু তাই নয়। ওই ইমেলে ‘খলিস্তান জিন্দাবাদ’ স্লোগানও লেখা রয়েছে।
আগামী ২৯ নভেম্বর বেঙ্গালুরুর মাদাবারার ‘নাইস রোড গ্রাউন্ড’-এ কনসার্ট করার কথা দিলজিৎ দোসাঞ্ঝের। তার আগেই প্রশাসনের কাছে ইমেল পাঠিয়ে গায়কের কনসার্টে বোমা মেরে হামলার হুমকি দেওয়া হয়। যেখানে উল্লেখ, আইইডি বা বিস্ফোরক ডিভাইস ব্যবহারের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হবে। শুধু তাই নয়। ওই ইমেলে ‘খলিস্তান জিন্দাবাদ’ স্লোগানও লেখা রয়েছে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই খলিস্তানপন্থী জঙ্গি গোষ্ঠী ‘শিখস ফর জাস্টিস’-এর ‘টার্গেটে’ দিলজিৎ দোসাঞ্ঝ। সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠেছে, ‘পাঞ্জাব দা পুত্তর’কে কি খুনের ষড়যন্ত্র কষছে খলিস্তানিরা?

অমিতাভের পা ছুঁয়ে প্রণাম করায় ‘পাঞ্জাবি পপস্টারে’র অস্ট্রেলিয়ার কনসার্ট বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল সংশ্লিষ্ট সংগঠন। শুধু তাই নয়, বিদেশের কনসার্ট বয়কট করার ডাক দিয়ে দিলজিৎকে ভাতে মারার হুমকিও ছুড়েছিল। এরপর গত মে মাসে কানাডায় কনসার্ট করতে গিয়ে খলিস্তানপন্থীদের তাণ্ডবের শিকার হন দিলজিৎ দোসাঞ্ঝ। তবে দমে যাননি। বরং ভবিষ্যতে এহেন ঘটনার সম্মুখীন হলে কনসার্ট থেকে ‘ঘাড় ধাক্কা’ দিয়ে বের করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন শিল্পী। কিন্তু তাতেও খলিস্তানপন্থী জঙ্গি গোষ্ঠীর বাড়বাড়ন্ত বন্ধ হয়নি। এবার ফের একবার খলিস্তানিদের নিশানায় দিলজিৎ! কনসার্টে বোমা হামলার হুমকি ছোড়া হল গায়ককে।
