এখনও ধোঁয়াশার কবলে দিল্লি। মঙ্গলবারের তুলনায় অবস্থার সামান্য উন্নতি হলেও এখনও দূষণের মাত্রা এখনও ‘খারাপ’ পর্যায়েই রয়েছে। বুধবার সকাল ৭টার একিউআই ২৯৯। মঙ্গলবার যা ছিল ৩০৭। অর্থাৎ আগের থেকে কিছুটা শুধরেছে পরিস্থিতি। কিন্তু সামগ্রিক ভাবে অবস্থাটা ভয়াবহই।
দিওয়ালির আগে থেকেই শঙ্কা জাগাচ্ছিল রাজধানীর আবহাওয়া। যত সময় এগিয়েছে ততই বেড়েছে দূষণের মাত্রা। এরপর দিওয়ালিতে লাগামছাড়া আতশবাজি পোড়ানোর সময় থেকেই পরিস্থিতি হয়ে উঠেছে ভয়ংকর। যদিও প্রশাসনের তরফে আগে থেকেই নানা কড়াকড়ি করা হয়েছিল। তবুও শেষপর্যন্ত পরিস্থিতিটা কার্যত নিয়ন্ত্রণেই রাখা যায়নি। তারই ফলশ্রুতি, দিওয়ালির দিন দুয়েক পরেও সাতসকালে শ্বাসরুদ্ধ রাজধানীর মুখে ধোঁয়ার রুমাল বাঁধা।
সামগ্রিকভাবে সামান্য উন্নতি হওয়া সত্ত্বেও, দিল্লি জুড়ে অসংখ্য মনিটরিং স্টেশন ‘খুব খারাপ’ বায়ুর গুণমানের কথাই জানাচ্ছে। এর মধ্যে সবচেয়ে করুণ অবস্থা চাওলার। সেখানে একিউআই ৩৯৬। এরপরই চাঁদনি চক (৩৭৯), ডিটিইউ (৩৭৫), আইআইটি দিল্লি (৩৭৫), উত্তর ক্যাম্পাস (৩৭৪), আইটিও (৩৬৭), বুরারি ক্রসিং (৩৬২), পুসা (৩৫৯), এনটিএইচ নরেলা (৩৫২), জাফরপুর (৩৫২)। তিনশোর উপরে দূষণের মাত্রা রয়েছে আরও বহু এলাকাতেই। ফলে গড় মান সামান্য কমলেও আলাদা করে দেখলে বহু অঞ্চলেই বাতাস এখনও প্রবল বিষাক্ত।
বিভিন্ন সময়ে দিল্লির দূষণে অন্যতম ভিলেন হিসাবে ধরা হয়েছে পড়শি রাজ্যগুলিতে শস্যের গোড়া পোড়ানো। নতুন করে দিল্লির মন্ত্রী কপিল মিশ্র দূষণের জন্য এই বিষয়টিকেই দায়ী করেছেন। এমনকী আপশাসিত পাঞ্জাবের বিরুদ্ধে তোপ দেগেছেন। অবশ্য আদালতে জমা পড়া নথির ভিত্তিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থানে শস্যের গোড়া পোড়ানোর ঘটনা উল্লেখযোগ্য ভাবে কমেছে। এর প্রশংসাও করেছে শীর্ষ আদালত। যদিও গাড়ির দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দিল্লি এবং উত্তর ভারতের একাধিক রাজ্যের দূষণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে দূষণ নিয়ন্ত্রণে কী পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্ট রাজ্যগুলির প্রশাসনের। ইতিমধ্যেই দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং হরিয়ানা সরকারকে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত। দু’সপ্তাহের মধ্যে জবাব তলব করেছে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ।
Source: Sangbad Pratidin India (Bengali)
