স্বাধীনতার ৭৯ বছর। চাঁদে পৌঁছেছে দেশ। এআই বিপ্লব বিশ্বজুড়ে। কিন্তু তারকেশ্বরের চাকদহে গ্রামে ছিল না বিদ্যুৎ। সূর্য ডুবলেই অন্ধকার ঘিরে ধরে গোটা গ্রামকে! কেরোসিনের লন্ঠন ও অন্যান্য আলোতে রাত কাটান বাসিন্দারা। বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি সংসারে সব কাজই চলে অন্ধকারে। গরমে ৪০০ পরিবারের দুর্দশার অন্ত নেই। এবার দীপাবলিতে ঘুচছে সেই অন্ধকার। গ্রামে পৌঁছল বিদ্যুৎ সংযোগ। নতুন আলোয় আশার স্বপ্ন দেখছেন স্থানীয়রা।
তারকেশ্বরের অষ্টরদত্তপুর গ্রাম পঞ্চায়েতের চাকদহ গ্রাম। প্রায় ৪০০ আদিবাসী পরিবারের বসবাস। এতদিন পেরিয়েও বিদ্যুৎ সংযোগ ছিল না এখানে। ছাব্বিশের নির্বাচনের সময় বর্তমান বিধায়ক সেই সময় বিজেপি প্রার্থী সন্তু পান, এই এলাকায় প্রচারে গিয়ে সমস্যার কথা জানতে পারেন। প্রতিশ্রুতি দেন জিতলে গ্রামে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করবেন। সেই মোতাবেক বিধায়ক হওয়ার পর তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এই বিষয়ে কথা বলেন। স্থানীয় আধিকারিকদের সঙ্গে সমস্যার সমাধানের বিষয়ে আলোচনা করেন। তাতেই মেলে রফা সূত্র। অবশেষে সব জট কাটিয়ে দীপাবলির আগে গ্রামে পৌঁছছে বিদ্যুৎ সংযোগ।
৫০টিরও বেশি বাড়িতে নতুন মিটার বক্স বসানো হয়েছে। শতাধিক পরিবারকে বিদ্যুৎ সংযোগের আওতায় আনার প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছেন স্থানীয় বিধায়ক সন্তু। অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলিকে ‘হাসির আলো’ প্রকল্পের অধীনে বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পানীয় জলের ব্যবস্থার কথাও শোনা যাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, কয়েক বছর আগে বিদ্যুতের খুঁটি বসানো হয়েছিল। কিন্তু বাড়ি পর্যন্ত সংযোগ পৌঁছয়নি। কেন তা সম্ভব হয়নি? কাদের গাফিলতি? সেই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যে যাচ্ছে না গ্রামবাসী। আলোর উৎসবে আগে ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছনোয় স্বাভাবিকভাবেই খুশি তাঁরা।
