আদালত নির্দেশ দিয়েছিল, শব্দবাজি না পোড়ানোর বার্তা দিতে নামী মুখদের ব্যবহার করুক প্রশাসন। সেই নির্দেশ মেনে অভিনেত্রী দিয়া মির্জাকে (Dia Mirza) দিয়ে সচেতনতা বার্তার ভিডিও তৈরি করেছিল বৃহ্নমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন। কিন্তু সেই ভিডিও ঘিরে প্রবল সমালোচনার ঝড়। মুম্বই বিজেপির সভাপতি সাফ জানিয়ে দিলেন, দীপাবলি পালনের নিয়ম নিয়ে কারোর ‘জ্ঞান’ শুনতে চান না তিনি। উল্লেখ্য, এই একইরকম ভিডিও তৈরি হয়েছিল মাধুরী দীক্ষিত, অজিঙ্ক রাহানে, নিশিগন্ধা ওয়াডকে দিয়েও। কিন্তু এই তারকাদের বিরুদ্ধে কেউ মুখ খোলেননি।
ঠিক কী বিতর্ক তৈরি হয়েছে ভিডিও ঘিরে? কয়েকদিন আগেই বম্বে হাই কোর্ট নির্দেশ দিয়েছিল, দূষণমুক্ত উৎসব পালন নিশ্চিত করতে পদক্ষেপ করুক মুম্বইয়ের পুরনিগম। তারজন্য প্রয়োজন হলে পরিচিত ব্যক্তিত্বদের মাধ্যমে আমজনতার কাছে আবেদন করা যেতে পারে। যেহেতু দিয়া অতীতে বেশ কয়েকবার পরিবেশ সচেতনতা নিয়ে মুখ খুলেছেন, সম্ভবত সেকারণেই তাঁকে বেছে নেওয়া হয় দূষণমুক্ত দীপাবলির বার্তা দেওয়ার জন্য। বৃহ্নমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করা হয় দিয়ার বার্তা। তাঁর আবেদন ছিল, আমজনতা যেন বাজি না পোড়ান, শব্দদূষণ রোধ করেন।
একই ধরনের ভিডিও পোস্ট করা হয় তারকা ক্রিকেটার রাহানে, অভিনেত্রী মাধুরী এবং নিশিগন্ধাকে নিয়েও। ভিডিও প্রকাশ্যে আসার পরদিনই ক্ষোভ উগরে দেন মুম্বই বিজেপির সভাপতি অমিত সতনাম। সরাসরি দিয়াকে আক্রমণ করে তিনি লেখেন, ‘আমরা কীভাবে দীপাবলি পালন করব সেই নিয়ে দিয়া মির্জার থেকে জ্ঞান শুনতে চাই না। আমাদের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে উৎসব পালনের সমস্ত রীতিনীতি।’
উল্লেখ্য, বর্তমানে বৃহ্নমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের দায়িত্বে রয়েছে অমিতের দল বিজেপিই। তবুও তাদের তরফ থেকেই দিয়াকে বেছে নেওয়া হয়েছিল সচেতনতার বার্তা দেওয়ার জন্য। বিতর্ক বাঁধতেই সরিয়ে দেওয়া হয়েছে দিয়ার ভিডিওটি। কেন সরানো হল, সেই নিয়ে আলাদা করে কিছু বলা হয়নি। তবে বাকি তিন তারকার ভিডিও এখনও রয়েছে বৃহ্নমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের সোশাল মিডিয়া পেজে।
Source: Sangbad Pratidin India (Bengali)
