ফরিদাবাদে হাড়হিম কাণ্ড। পার্কিংয়ের বচসা গড়াল খুনে! ধনতেরাসের রাতে প্রতিবেশীর গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন এক যুবক। অভিযোগ, ওই ব্যক্তিকে লক্ষ্য করে ১৫ থেকে ১৬ রাউন্ড গুলি চালান তাঁর প্রতিবেশী। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে প্রবাসী যুবকের।
ধনতেরাসের রাতের ঘটনা। বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে প্রতিবেশীর সঙ্গে বচসা বাধে পরমজিতের। আর তারপরেই ঘটে গেল ভয়ংকর ঘটনা। পকেট থেকে পিস্তল বার করে পরপর যুবককে লক্ষ্য করে গুলি চালাতে থাকে ওই প্রতিবেশী। জানা গিয়েছে, পরপর প্রায় ১৬ রাউন্ড গুলি চালান ওই ব্যক্তি। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই যুবক। পুলিশ সূত্রে খবর, নিহত ব্যক্তির গায়ে ৮ থেকে ৯ টি বুলেটের ক্ষত দেখা গিয়েছে।
জানা গিয়েছে, কর্মসূত্রে স্ত্রী-ছেলেকে নিয়ে সিঙ্গাপুরে থাকেন ওই ব্যক্তি। দু’দিন আগে ভাইপোর বিয়ে উপলক্ষ্যে ফরিদাবাদে বাড়িতে ফিরেছেন তিনি। ধনতেরাসের রাতের ঘটনা বিয়ে বাড়ির আমেজ নিমেষে বদলে গেল। শনিবার রাত ৮ টা নাগাদ এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, যে ফ্ল্যাটে পরমজিৎ থাকতেন, সেই বিল্ডিংয়ের চতুর্থ তলায় থাকেন অভিযুক্ত ওই প্রতিবেশী। পুলিশ সূত্রে খবর, ঘটনার পরই পরিবার নিয়ে উধাও ওই অভিযুক্ত। এদিন পার্কিং নিয়ে বচসার ফলেই এই ঘটনা বলে পুলিশ জানিয়েছে। পরিবার সূত্রে পুলিশ জানতে পারেন, ঘটনার দিন পাঁচেক আগে একটি কুকুরকে নিয়ে বচসা বাধে দুই প্রতিবেশীর মধ্যে। অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
