মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সাম্প্রতিক ভারতীয় রাজনীতিতে সবচেয়ে চর্চিত নাম। তাঁর বিরুদ্ধে ভোটচুরি করে শাসক শিবিরকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ নিয়ে বিস্তর হইহল্লা করেছে বিরোধীরা। এমনকী তাঁর দুই তাঁকে অপসারণের জন্য ইমপিচমেন্ট প্রস্তাবও আনা হয়েছে। এবার সম্ভবত সেই জ্ঞানেশ কুমারের হাতেই গোটা দেশের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হবে।
কেন্দ্রের প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস আইন পাশ হলে লোকসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির পুনর্বিন্যাস করার জন্য একটি ডিলিমিটেশন কমিশন গঠিত হবে। কোন বিধানসভা কেন্দ্রে কোন কোন এলাকা থাকবে, কোন লোকসভা কেন্দ্রে কোন বিধানসভা থাকবে, কোন লোকসভা বা বিধানসভা মহিলাদের জন্য সংরক্ষিত হবে, বা তফসিলি জাতি-উপজাতির জন্য সংরক্ষিত থাকবে, সেই সবটাই ঠিক করবে ওই ডিলিমিটেশন কমিশন।
কেন্দ্র বিলটির যে খসড়া তৈরি করেছে, তাতে ডিলিমিটেশন কমিটির চেয়ারম্যান হিসাবে রাখা হয়েছে সুপ্রিম কোর্টের একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতি হিসাবে। সেই সঙ্গে পদাধিকার বলে ওই কমিটির সদস্য হবেন মুখ্য নির্বাচন কমিশনার বা তাঁর মনোনীত কোনও নির্বাচন কমিশনার। কমিটিতে থাকবেন নির্দিষ্ট রাজ্যের নির্বাচন কমিশনাররাও। অর্থাৎ পদাধিকার বলে ডিলিমিটেশন কমিশনের সদস্য হয়ে যাবেন জ্ঞানেশ কুমার। কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ সালের লোকসভা ভোটের আগেই রিপোর্ট পেশ হবে ডিলিমিটেশন কমিশনের রিপোর্ট। মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে জ্ঞানেশ কুমারের মেয়াদ রয়েছে ২৬ জানুয়ারি। অর্থাৎ এই ডিলিমিটেশনের পুরো প্রক্রিয়া হবে তাঁর আমলেই। তিনি নিজে বা তাঁর অনুগত কোনও নির্বাচন কমিশনার গোটা দেশের ভাগ্য নিরধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন।
বিরোধীদের আশঙ্কার অন্যতম কারণও সেটাই। জ্ঞানেশের বিরুদ্ধে ইতিমধ্যেই বিজেপিকে সাহায্য করার অভিযোগ রয়েছে। এবার ডিলিমিটেশনের ক্ষমতাও তাঁর হাতে চলে গেলে বিজেপি সুবিধা পাবে, ধরেই নিচ্ছে বিরোধীরা। বিরোধীদের আশঙ্কা, প্রতিটি কেন্দ্রের সীমানা নতুন করে আঁকতে গিয়ে ‘জেরিম্যান্ডারিং’ বা নির্দিষ্ট কোনও দলকে সুবিধা পাইয়ে দেওয়ার মতো করে জনবিন্যাস ভাগ করা হতে পারে। আর সেটা হবে জ্ঞানেশের হাত দিয়েই।
