দুর্গাপুরের ফরিদপুরে বিজেপির পার্টি অফিসে তাণ্ডব দুষ্কৃতীদের। বৃহস্পতিবার গভীররাতে একদল দুষ্কৃতী ওই কার্যালয়ে হামলা চালায় বলে অভিযোগ। পার্টি অফিসে থাকা বিজেপির দলীয় পতাকা, ফেস্টুন-সহ বিভিন্ন সামগ্রী ছিঁড়ে ফেলে দেওয়া হয়। ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। বিজেপির দাবি, এটি পরিকল্পিত হামলা। বিজেপিকর্মীরা ক্ষোভ উগড়ে দিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে।
দুর্গাপুরের ৩৩ নম্বর ওয়ার্ডের ফরিদপুর এলাকায় রয়েছে বিজেপির কার্যালয়। গতকাল গভীর রাতে দুষ্কৃতীরা দলীয় কার্যালয়ে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়! সেখানে থাকা বিজেপির দলীয় পতাকা, ফেস্টুন ছিঁড়ে ফেলে দেওয়া হয়। এমনকী দলীয় নেতৃত্বের ছবিও মাটিতে ফেলা হয়। পাশাপাশি কার্যালয়ে থাকা সিসি ক্যামেরার তারও ছিঁড়ে ফেলা হয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের। ঘটনায় কে বা কারা যুক্ত, কেন হামলা চালানো হল তা নিয়ে ধোঁয়াশা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দুর্গাপুরের ২ নম্বর মণ্ডলের বিজেপির সহ-সভাপতি নিরঞ্জন মণ্ডল। তিনি বলেন, “জঘন্যতম কাজ করছে। দলের উচ্চ নেতৃত্বের ছবি লাগানো ফেস্টুনও ফেলে দেওয়া হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার। পুলিশ এসেছে। আধিকারিকদের কাছে অনুরোধ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।”