ফ্লাই দুবাইয়ে ‘জঙ্গি হামলা’র ঘটনা বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছে। এর মাঝেই আমেরিকা এবং ইজরায়েলকে কড়া হুমকি দিল জঙ্গি গোষ্ঠী আল কায়দা। শুধু তাই নয়, ফ্লাই দুবাই কাণ্ডের প্রশংসায় পঞ্চমুখও হয়েছে তারা। মার্কিন সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক পোস্ট’-এর একটি প্রতিবেদনে তেমনটাই দাবি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আল কায়দাপন্থী ‘আল-বায়ান’ নামে একটি সাপ্তাহিক প্রকাশনায় সম্প্রতি এই বার্তাটি প্রকাশিত হয়। সেখানে ফ্লাই দুবাইয়ের ঘটনা উল্লেখ করে দাবি করা হয় যে, এই ধরনের ঘটনা আরও ঘটতে পারে। আমেরিকা-ইজরায়েলের মতো দেশগুলির বিমানে হামলা চালানোর জন্য উসকানি দেওয়া হয়। লেখা হয়েছে, ‘দুষ্ট আমেরিকার পতন হবেই।’ জানা গিয়েছে, ওই সাপ্তাহিক প্রকাশনাটি টেলিগ্রামের মাধ্যমে প্রচার করা হচ্ছিল। ‘নিউ ইয়র্ক পোস্টে’র প্রতিবেদন অনুযায়ী, আরবি ভাষার ওই নিবন্ধটিতে মার্কিন ও ইজরায়েলিদের বহনকারী বিমানগুলির উপর হামলার আহ্বান জানানো হয়েছে। নিবন্ধটিতে বলা হয়েছে, “যুদ্ধ এখনও শেষ হয়নি। ইসলামের বিরুদ্ধে যাঁরা লড়াই করছেন, সেই কাফেরদের বহনকারী বিমানগুলি এখনও আকাশে উড়ছে। সেগুলিকে নিশানা করতে হবে। যেমনটা ৯/১১ কিংবা গত ৩০ সেপ্টেম্বর ঘটেছিল। আমেরিকা ও ইজরায়েলিদের মতো শত্রুর সংখ্যা এখন অনেক বেশি।”
এদিকে ফ্লাই দুবাইয়ের বিমানের ককপিটে হামলাকারী ওমানি সহ-পাইলট হামাম আল-হামামি সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ্যে আসছে। সমাজমাধ্যমে নানারকম মৌলবাদী পোস্ট করতে দেখা গিয়েছে তাঁকে। এমনকী তাঁর পোস্টে আল কায়দা জঙ্গি জাওয়াহিরির ছবিও দেখা গিয়েছে, যা থেকে পরিষ্কার, বহুদিন ধরেই সন্ত্রাসবাদের আদর্শে দীক্ষিত হয়ে উঠেছিলেন হামাম। এর আগে ওমানের বিমান চালানো নিয়ে তাঁর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তাঁর আদর্শগত দৃষ্টিভঙ্গি নিয়ে উদ্বেগের কারণেই এই পদক্ষেপ করা হয়েছিল বলে জানা গিয়েছে।
