দেশে ফিরলেন বীরভূমের পলাতক পাথর, বালি ব্যবসায়ী টুলু মণ্ডল। গতকাল, মঙ্গলবারই তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দেশে ফিরেছেন। এমনই তাঁর আইনজীবীর তরফে জানানো হয়েছে। কিন্তু কোথায় রয়েছেন টুলু? জানা গিয়েছে, আপাতত বীরভূমে আসছেন না কয়েক হাজার কোটি টাকার ডিসিআর দুর্নীতি মামলায় অভিযুক্ত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। মঙ্গলবার কলকাতায় পৌঁছে সেখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে তদন্তকারী অফিসার ডাকলেই ২৪ ঘণ্টার মধ্যে হাজির হবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী সিকান্দার আনসারি।
ইতিমধ্যেই টুলুর দেশে ফেরার বিষয়টি সিউড়ি জেলা আদালতকে জানিয়ে দিয়েছেন তাঁর আইনজীবীরা। মামলার তদন্তকারী অফিসার তথা বীরভূম জেলা পুলিশের ডিএসপি (আইনশৃঙ্খলা) কুণাল মুখোপাধ্যায়কেও প্রত্যাবর্তনের যাবতীয় তথ্য পাঠানো হয়েছে বলে দাবি তাঁদের। সিকান্দার জানান, এদিন কোনও জামিনের আবেদন করা হয়নি। আইনজীবীর দাবি, দেশে ফেরার আগেই কোন বিমানে, কখন টুলু কলকাতায় পৌঁছবেন, সেই তথ্য ই-মেল এবং তদন্তকারী অফিসারের সরকারি হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানো হয়েছিল।
উল্লেখ্য, ডিসিআর ব্যবস্থায় সরকারি রাজস্বের বিপুল অর্থ নয়ছয়ের অভিযোগে টুলুর ভূমিকা নিয়ে তদন্ত চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশে ১৭ নভেম্বরের মধ্যে দেশে ফেরার কথা ছিল তাঁর। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত তাঁকে গ্রেপ্তার না করার অন্তর্বর্তী সুরক্ষাও দিয়েছে শীর্ষ আদালত। এবার তদন্তকারীরা কবে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকেন, সেদিকেই নজর। প্রসঙ্গত, বীরভূমে সরকারি ডিসিআর সংক্রান্ত কয়েক হাজার কোটি টাকার আর্থিক অনিয়মের তদন্তে সিন্ডিকেট অপরাধের অভিযোগ তুলেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, এই চক্রের অন্যতম মূল মাথা টুলু মণ্ডল। বেশ কিছুদিন ধরে তিনি দেশের বাইরে। সম্প্রতি সুপ্রিম কোর্টে তাঁর আইনজীবীরা জানান, টুলু দেশে ফিরে তদন্তে সহযোগিতা করতে চান। কিন্তু দেশে ফিরলেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারে বলে আশঙ্কা রয়েছে। সেই কারণে আদালতের সুরক্ষা চেয়েছিলেন তাঁরা। এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ১৭ নভেম্বরের মধ্যে দেশে ফিরতে হবে টুলু মণ্ডলকে।