যাত্রীসংখ্যা লাফিয়ে বাড়লেও, বেহাল অবস্থা পরিষেবার। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে উঠার মতো পর্যাপ্ত বিমান নেই দেশে। গুরুতর এই পরিস্থিতিতে সংকট মেটাতে ১২০০টির বেশি বিমানের বরাত দেওয়া হয়েছে আগেই, এবার আরও ১০০০টি যাত্রীবাহী বিমান কেনার পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের। সম্প্রতি এমনটাই জানালেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। তাঁর দাবি, চাহিদার সঙ্গে পাল্লা দিতে গেলে ২০০০টির বেশি বিমানের প্রয়োজন। এই অবস্থায় বরাত দেওয়া বিমানগুলি দ্রুত সরবরাহের জন্য বিমান প্রস্তুতকারী সংস্থাগুলির সঙ্গে আলোচনা শুরু করেছে কেন্দ্র।
দু’দিনের সফরে মিশরে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। সোমবার কায়রোয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, ভারতের বিমান পরিবহণ ক্ষেত্রে ব্যাপক সংকট দেখা দিয়েছে। ইতিমধ্যেই ১২০০ বিমানের বরাত দেওয়া হয়েছে প্রস্তুতকারী সংস্থাগুলিকে। কিন্তু ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আরও ১০০০ বিমানের প্রয়োজন। এই অবস্থায় এয়ারবাস ও বোয়িংয়ের মতো আন্তর্জাতিক বিমান প্রস্তুতকারী সংস্থাগুলির কাছে দ্রুত বিমানগুলি সরবরাহের অনুরধ জানানো হচ্ছে।
ইতিমধ্যেই ১২০০ বিমানের বরাত দেওয়া হয়েছে প্রস্তুতকারী সংস্থাগুলিকে। কিন্তু ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আরও ১০০০ বিমানের প্রয়োজন।
কিন্তু হঠাৎ কেন এতগুলি বিমান একসঙ্গে কিনতে চাইছে কেন্দ্র? দাবি করা হচ্ছে, এর মূল কারণ হল দেশে বিমানযাত্রীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়া। অতীতে শহরাঞ্চলে স্বচ্ছল মানুষেরাই বিমান সফর করতেন। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে ছোট শহরগুলিতে তৈরি হচ্ছে বিমানবন্দর। ব্যবসা, শিক্ষা, অপর্যটন, চিকিৎসা সব ক্ষেত্রেই দ্রুত যাতায়াতের জন্য মানুষ বিমান সফরকেই প্রাধান্য দিচ্ছেন। এর সঙ্গে আন্তর্জাতিক বিমানের চাহিদাও লাফিয়ে বাড়ছে। দেশের মধ্যে বিমানের রুট আগের তুলনায় অনেকখানি বেড়েছে। এয়ারবাসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১০ বছরের মধ্যে বিমানযাত্রীর সংখ্যা প্রতিবছর গড়ে বাড়তে পারে ৮.৯ শতাংশ হারে। ফলে বিমানের সংখ্যা বেড়ে হতে পারে ২২৫০টি।
এই পরিস্থিতি সামলাতে দেশের প্রধান দুই বিমান সংস্থা ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া নিজেদের বহর বাড়াতে বিপুল বিনিয়োগ করছে। রিপোর্ট বলছে ২০২৩ সালে এয়ারবাসকে ৫০০টি বিমানের অর্ডার দিয়েছিল ইন্ডিগো। অন্যদিকে, এয়ার ইন্ডিয়া ২০২৩ সালে এয়ারবাস ও বোয়িং মিলিয়ে মোট ৪৭০টি বিমানের অর্ডার দেওয়া হয়। ২০২৪ সালে আরও ১০০টি এয়ারবাস বিমানের অর্ডার দেয় তারা। বিমান কেনার পাশাপাশি ভারতে বিমান তৈরির পরিকাঠামো গড়ে তোলার চেষ্টা হচ্ছে। ব্রাজিলের বিমান প্রস্তুতকারী সংস্থা এমব্রায়ের সঙ্গে হাত মিলিয়েছে আদানি গোষ্ঠী। পাশাপাশি এয়ারবাস ও বোয়িং ভারত থেকে বছরে প্রায় ২০০ কোটি ডলারের যন্ত্রাংশ ও পরিষেবা কেনে। ফলে এই শিল্পে দেশীয় সংস্থাগুলির অংশগ্রহণও বাড়ছে।
