Hashtagintro

ধর্ষণের অভিযোগে হাজতবাস, এবার রনজি দলে প্রত্যাবর্তন অভিষেকের

ধর্ষণের অভিযোগে প্রায় একমাসের উপর জেলবন্দি ছিলেন। তবে জামিন পেয়ে ক্রিকেটের মূলস্রোতে ফিরছেন অভিষেক পোড়েল। বাংলার রনজি দলে ডাক পেয়েছেন এই তারকা উইকেটকিপার-ব্যাটার। আগামী ১১ অক্টোবর দিল্লির বিরুদ্ধে রনজি অভিযান শুরু করছে বঙ্গ ব্রিগেড। সেই ম্যাচ থেকেই মাঠে নেমে পড়বেন ধর্ষণে অভিযুক্ত ক্রিকেটার।

চলতি বছরের জুনে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস-সহ একাধিক অভিযোগ ওঠে পোড়েলের বিরুদ্ধে। অভিযোগ আনেন এক ডাক্তারি পড়ুয়া। জানা গিয়েছে, সাড়ে তিন বছর ধরে ওই তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল ক্রিকেটারের। একসঙ্গে বিদেশেও গিয়েছেন। বছর দেড়েক আগে সম্পর্কের অবনতি হয়। পরবর্তীকালে ফের সমস্যা শুরু হলে ওই তরুণী মগরা থানায় অভিযোগ জানান। তদন্তে নেমে পুলিশ একাধিকবার চন্দননগরে অভিষেকের বাড়িতে যায়। গ্রেপ্তারি এড়াচ্ছিলেন তিনি। কিন্তু হাই কোর্ট নির্দেশ দেয়, তারকা ক্রিকেটারকে গ্রেপ্তার করতে হবে।

তারকা ক্রিকেটারের বিরুদ্ধে ৬৯, ৩১১, ৩১৮, ৬৬/৭২ আইটি অ্যাক্ট সহ বিএনএস-এর একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ব্ল্যাকমেল করার অভিযোগ রয়েছে অভিষেকের বিরুদ্ধে। প্রাথমিকভাবে ১০ দিনের জন্য পুলিশি হেফাজত চাওয়া হয়েছিল। তারপর সেই মেয়াদটা বেড়ে দাঁড়ায় একমাসে। ৩৬ দিন জেলে কাটানোর পর অবশেষে ১৭ সেপ্টেম্বর তাঁকে জামিন দেওয়া হয় চুঁচুড়া হাই কোর্টে। এর মধ্যে বাংলার রনজি ট্রফির প্রাথমিক দল ঘোষণা করা হয়। সেখানে জায়গা হয়নি পোড়েলের। তাঁর ক্রিকেট ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠে যায়।

তবে জামিন পাওয়ার পরেই বাংলা দলে কামব্যাক অভিষেকের। রনজির প্রাথমিক দলে নাম না থাকলেও অনুশীলন ম্যাচে নামানো হয় তাঁকে। এবার তিনি ফিরলেন বাংলার মূল দলে। রনজিতে বাংলার অভিযান শুরু ১১ অক্টোবর, কল্যাণী স্টেডিয়ামে দিল্লির বিরুদ্ধে। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। সহ অধিনায়ক করা হয়েছে সুদীপ ঘরামিকে। ধর্ষণের অভিযুক্ত আরেক ক্রিকেটার মহম্মদ কাইফকেও দিল্লির বিরুদ্ধে স্কোয়াড রাখা হয়েছে।

বাংলা স্কোয়াড: অভিমন্যু ইশ্বরন, সুদীপ কুমার ঘরামি, সুদীপ চ্যাটার্জি, অভিষেক পোড়েল, শাকির হাবিব গান্ধী, অঙ্কুর পাল, সুমন্ত গুপ্ত, অঙ্কিত শুক্লা, শুভম চ্যাটার্জি, মহম্মদ শামি, আকাশ দীপ, মুকেশ কুমার, সুরজ সিন্ধু জয়সওয়াল, প্রদীপ্ত প্রামাণিক, আমির গণি, মহম্মদ কাইফ, সৌম্যদ্বীপ মন্ডল

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language