গত আগস্ট মাসের হড়পা বানে তছনছ হয়ে গিয়েছে নেপাল। সেই ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেনি কাঠমান্ডু। তাই ‘নতুন’ নেপাল গড়তে ভারতের সহযোগিতা চাইছেন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। সেই লক্ষ্যেই প্রথম বিদেশ সফরে দিল্লিকে বেছে নিয়েছেন তিনি। তবে বলেন্দ্র নিজে ‘চিনপন্থী’ বলে পরিচিত। তাছাড়া নেপালের উপর বেজিঙের প্রভাব অনেকদিন ধরেই রয়েছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রথম বিদেশ সফরে চিনকে এড়িয়ে ভারতকে বেছে নেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। শুধু তাই নয়, বলেন্দ্রর এই সফরে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিতও দেখছেন কূটনৈতিক মহলের একাংশ।
রবিবার দু’দিনের সফরে দিল্লিতে এসেছেন বলেন্দ্র। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক হওয়ার কথা। সূত্রের খবর, বৈঠকের পর ভারত-নেপাল সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে যৌথ বিবৃতি প্রকাশ করা হতে পারে। সেখানে ১০ দফা পরিকল্পনার কথাও উঠে আসতে পারে। এছাড়াও বৈঠকে জলবায়ু সংকট, ‘অগ্নিবীর’ কর্মসূচির আওতায় গোর্খা সৈন্য নিয়োগ, বাণিজ্য, উন্নয়নে অংশীদারিত্ব, জ্বালানি, জলসম্পদ-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এদিকে চলতি বছরের বন্যায় ভয়ংকর ক্ষতিগ্রস্ত হয়েছে নেপাল। একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিপর্যয় কাটিয়ে ‘নতুন নেপাল’ পুনর্গঠনে প্রয়োজন প্রায় ৫০০ কোটি ডলার। সেই তহবিল জোগাড় করতে ভারতের দ্বারস্থ হয় কাঠমান্ডু। দিল্লির কাছে তারা প্রায় ২০০ কোটি ডলারের সাহায্য চেয়েছে। এর মধ্যে অনুদান এবং স্বল্প সূদে ঋণও অন্তর্ভুক্ত রয়েছে। প্রসঙ্গত, নেপালে বিপর্যয়ের পর দেশটির পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন মোদি। দ্রুত ত্রাণ পাঠায় ভারত। ওষুধ, প্রয়োজনীয় সামগ্রী নিয়ে নেপালে পৌঁছয় ভারতের বায়ুসেনার বিমান।
এদিকে তাৎপর্যপূর্ণ বিষয় হল, চিন চেষ্টা করেছিল যাতে বলেন্দ্রর প্রথম বিদেশ সফর তাদের দেশেই হয়। কিন্তু তা সত্ত্বেও নেপালের প্রধানমন্ত্রী দিল্লিকেই বেছে নিয়েছেন। যদিও কূটনৈতিক মহলের একাংশের মতে, নেপাল পুরোপুরি চিনকে এড়িয়ে চলছে না, বরং দুই প্রতিবেশীর মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করছে। সংবাদমাধ্যম বিবিসি-র প্রতিবেদন অনুযায়ী, ভারত সফরে আসার ঠিক আগে গত ১৫ নভেম্বর থেকে ১১ দিনের জন্য বলেন্দ্র তাঁর দলের ২০ জনকে সাংসদকে চিন সফরে পাঠিয়েছিলেন। শুধু তাই নয়, গত ২০ নভেম্বর নেপালের মন্ত্রিসভা যেদিন বলেন্দ্রর ভারত সফরে অনুমোদন দিয়েছিল, সেদিনই দিনই বেজিঙের দেওয়া ২০ লক্ষ ডলারের অনুদানও গ্রহণ করেছে কাঠমান্ডু।
বিশ্লেষকদের একাংশের মতে, গত কয়েক বছর ধরে হিমালয়ের কোলের এই দেশটিতে ‘ঋণের ফাঁদ’-এ ফেলার চেষ্টা করেছিল বেজিং। কিন্তু তা সত্ত্বেও ড্রাগনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছিল নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি, যা ভারতের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু ওলি সরকারের পতনের পর নেপালের কুর্সিতে বসেন জেন জি’দের পছন্দের বলেন্দ্র। এক্ষেত্রে চিন আসা করেছিল, নেপালের এই নয়া নেতাও তাদের দিকে ঝুঁকবে। কিন্তু বাস্তবে তা পুরোপুরি হয়নি। বরং ‘ভারসাম্যের খেলা’কেই গুরুত্ব দিচ্ছে নেপালের নতুন সরকার। বিশ্বব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, নেপালের মোট আমদানির ৬০ শতাংশের বেশি আসে ভারত থেকে। অন্যদিকে, চিন থেকে আসে অংশ মাত্র ১৩ শতাংশ। ফলে দিল্লির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে বাধ্য কাঠমান্ডু। তেমনটাই মত বিশ্লেষকদের।
Source: Sangbad Pratidin India (Bengali)
