চেন্নাই সুপার কিংসের সঙ্গে দীর্ঘ ১৬ বছরের সম্পর্কের ইতি টানলেন মাইকেল হাসি। মহেন্দ্র সিং ধোনিদের দলের সঙ্গে দীর্ঘদিনের যোগ তাঁর। কখনও ক্রিকেটার, কখনও ব্যাটিং কোচ– বিভিন্ন ভূমিকায় সিএসকে-তে দেখা গিয়েছে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটারকে। কিন্তু আগামী আইপিএলে সে দলে দেখা যাবে না তাঁকে। স্টিফেন ফ্লেমিং কোচের দায়িত্ব ছাড়ার পর থেকেই হাসির ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল। শেষ পর্যন্ত সেই জল্পনাতেই সিলমোহর পড়ল। প্রশ্ন উঠছে, তাহলে কি নয়া কোচ জাহির খান চাইছেন না প্রাক্তন অজি তারকাকে?
একটি ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, আগামী আইপিএলের পরিকল্পনায় হাসিকে রাখছে না চেন্নাই কর্তৃপক্ষ। নতুন কোচ জাহির খান নিজের মতো করে দল সাজাতে চাইছেন। সেই কারণেই ২০১৮ সাল থেকে ব্যাটিং কোচের দায়িত্ব সামলানো হাসিকে আর রাখা হচ্ছে না বলে খবর। যদিও সিএসকে সূত্রের দাবি, দু’পক্ষের সহমতের ভিত্তিতেই এই সিদ্ধান্ত হয়েছে। তবে হাসির পরিবর্তে কে ব্যাটিং কোচের দায়িত্ব নেবেন, তা এখনও ঘোষণা করেনি চেন্নাই।
CSK
MIKE HUSSEY – End of an Era in Chennai Super Kings. – CSK has part ways with Mike Hussey in IPL. [Cricbuzz] The future James Foster is also uncertain. https://t.co/wsz74TAuk4
— Johns. (@CricCrazyJohns) October 10, 2026
কোচিং বিভাগে বদলের পথে হাঁটছে সিএসকে। এর আগেই বোলিং কোচের পদ থেকে এরিক সিমন্সকে সরিয়ে দিয়েছে তারা। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে মোহিত শর্মাকে। ওই ক্রিকেট ওয়েবসাইটের দাবি, ফিল্ডিং কোচ জেমস ফস্টারের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ২০২৭ সালের আইপিএলে তাঁকেও চেন্নাই শিবিরে দেখা যাওয়ার সম্ভাবনা কম। এদিকে, চেন্নাইয়ের দায়িত্ব ছাড়ার পর ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হয়েছেন ফ্লেমিং। তিনি জো রুটদের লাল বলের ক্রিকেটে ব্যাটিং কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিলেন হাসিকে। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার। তার বদলে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রস্তাব গ্রহণ করেছেন তিনি। অস্ট্রেলিয়ার টেস্ট দলের পরামর্শদাতা হিসাবে কাজ করবেন হাসি।
তবে এই দায়িত্বে তাঁকে সব সময় দলের সঙ্গে থাকতে হবে না। পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর কথা মাথায় রেখেই এমন ভূমিকা বেছে নিয়েছেন তিনি। যদিও কোচিং থেকে পুরোপুরি দূরে থাকছেন না হাসি। গত মরশুমে ‘দ্য হান্ড্রেড’-এ ওয়েলস ফায়ারের কোচের দায়িত্ব সামলেছেন তিনি। আপাতত তাঁর নতুন ইনিংস শুরু হতে চলেছে অস্ট্রেলিয়ার টেস্ট দলের পরামর্শদাতা হিসাবে।

MIKE HUSSEY – End of an Era in Chennai Super Kings. – CSK has part ways with Mike Hussey in IPL. [Cricbuzz] The future James Foster is also uncertain. https://t.co/wsz74TAuk4