Hashtagintro

নর্থ ইস্টের বিরুদ্ধে আইএসএল শুরু মোহনবাগানের, ফিট ড্রাজিচ, গুয়াহাটি যাচ্ছেন ম্যাকলারেনও

মাসখানেক আগের কথা। প্রথমে ডুরান্ড কাপ ফাইনালে বিধ্বস্ত হওয়া। তারপর তারকাখচিত দল নামিয়েও কলকাতা লিগে প্রতিপক্ষের রিজার্ভ স্কোয়াডের কাছে আটকে যাওয়া। দুই ডার্বির ফলাফল বেশ চাপে ফেলে দিয়েছিল মোহনবাগান হেডস্যর প্যানাজিওটিস দিলেমপেরিসকে। কিন্তু বৃহস্পতিবার একটা ডার্বি জিতে ফের পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন এই গ্রিক কোচ। আইএফএ শিল্ড ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয়টাই আইএসএলে অভিযান শুরুর আগে আত্মবিশ্বাসী করছে সবুজ-মেরুনকে।

সোমবার প্রথম ম্যাচে সামনে নর্থ-ইস্ট ইউনাইটেড। মরশুমের শুরুতেই দু’বার মুখোমুখি হয়েছে দু’দল। ডুরান্ড সেমিফাইনালে নির্ধারিত সময় গোল না হওয়ার পর শেষে টাইব্রেকারে জিতেছিল মোহনবাগান। শিল্ডে গ্রুপ পর্বে ড্র হয় ১-১। সেই নর্থ-ইস্টকেই শিল্ড সেমিফাইনালে ৭-২ গোলে বিধ্বস্ত করেছে ইস্টবেঙ্গল। তবে এবার অন্য লড়াই বলে জানিয়ে দিয়েছেন দিলেমপেরিস। তাঁর কথায়, “কঠিন প্রতিপক্ষ। কোচও ভালো। ওরা আমাদের সম্পর্কে জানে। ডুরান্ডে শিলংয়ে ঠাণ্ডা আবহাওয়ায় বৃষ্টির মধ্যে খেলতে হয়েছিল। শিল্ডে গ্রুপের ম্যাচ ছিল। এবার পরিস্থিতি ভিন্ন। আশা করছি, ম্যাচটাও অন্যরকম হবে।”

শিল্ড ফাইনালের পর শনিবার মাঠে নামে মোহনবাগান। একমাত্র আশিস রাই ছাড়া সবাই দলের সঙ্গে গুয়াহাটি যাচ্ছেন। ফাইনালে মাথায় চোট পাওয়া দেজান দ্রাজিচ এদিন অনুশীলনে নামেননি। তিনি খেলার মতো অবস্থায় আছেন। চোটের জন্য শিল্ড ফাইনালে না থাকা জেমি ম্যাকলারেন প্রায় পুরোদমেই প্র্যাকটিস করলেন। নর্থ-ইস্ট ম্যাচে তাঁর খেলার বিষয়টি নির্ভর করছে পরিস্থিতির উপর। মোহনবাগান শিবির সূত্রে খবর, দলের জয় নিশ্চিত হয়ে গেলে ম্যাকলারেনকে কিছুক্ষণ খেলানোর পরিকল্পনা কোচ দিলেমপেরিসের। লিগের শুরুতে দু’টো অ্যাওয়ে ম্যাচ খেলবে মোহনবাগান। সোমবার নর্থ-ইস্ট, শুক্রবার এসসি দিল্লি। গুয়াহাটিতে ম্যাচ খেলে পরদিন দিল্লি যাবে দল। সেখানেই দু’দিন অনুশীলন করবেন অনিরুদ্ধ থাপারা। পরপর জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াই আপাতত লক্ষ্য দিলেমপেরিসের।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language