Hashtagintro

নাবালকদের জন্য নিরাপদ নয় চ্যাটজিপিটি! উদ্বিগ্ন গবেষকদের বিস্ফোরক দাবি

জনপ্রিয় চ্যাটবটগুলোর মধ্যে অন্যতম চ্যাটজিপিটি। গত আগস্টেই কিশোরদের জন্য বিশেষ সংস্করণ নিয়ে এসেছে ওপেনএআই। ১৩ থেকে ১৭ বছর বয়সিদের জন্য এই সংস্করণ উপযোগী, দাবি তেমনই। কিন্তু কমন সেন্স মিডিয়ার ইয়ুথ এআই সেফটি ইনস্টিটিউটের এক নতুন মূল্যায়নে দাবি করা হয়েছে, সুরক্ষা ব্যবস্থাগুলি প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে না। সেখানে বলা হয়েছে, চিহ্নিত সমস্যাগুলি সমাধান ও স্বাধীনভাবে পরীক্ষা না হওয়া পর্যন্ত ওপেনএআই-এর উচিত চ্যাটজিপিটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য সীমাবদ্ধ রাখা।

১৮ আগস্ট ওপেনএআই যখন কিশোর-কিশোরীদের জন্য বিশেষভাবে তৈরি ফিচার চালুর ঘোষণা করে, তার আগে ও পরে গবেষকরা এই বিষয়টি খতিয়ে দেখেন। তাঁরা ৪,০০০-এরও বেশি প্রম্পট পরীক্ষা করে দেখেন। প্রাপ্ত উত্তরগুলি শিশু মনোরোগ বিশেষজ্ঞ-সহ শিশু মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞদের দ্বারা পর্যালোচনা করা হয়। আর তাতেই দেখা গিয়েছে, এমন কিছু সমস্যা রয়েছে যা অভিভাবকদের উদ্বেগের কারণ হতে পারে।

এর মধ্যে অন্যতম সমস্যা হল ‘বন্ধুত্বপূর্ণ’ হাবভাব। ওপেনএআই জানিয়েছিল, অনূর্ধ্ব ১৮ মডেলের ক্ষেত্রে চ্যাটবট ‘বন্ধুত্বপূর্ণ’ আচরণ করবে না। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে, চ্যাটবট এক্ষেত্রেও কিন্তু বন্ধুই থাকতে চাইছে। এর ফলে ব্যবহারকারী কিশোর দীর্ঘসময় তার সঙ্গে কথা বলতে পারে। আরেক গোলমাল হল, ইউজার সত্যিই অনূর্ধ্ব ১৮ কিনা তা নাকি অনায়াসেই ধরে ফেলতে পারে চ্যাটবট। কিন্তু দেখা যাচ্ছে, প্রাপ্তবয়স্ক হিসেবে রেজিস্টার্ড অ্যাকাউন্টের ক্ষেত্রে বারবার পরীক্ষা করা সত্ত্বেও কিশোর-কিশোরীদের উপযোগী মোডে বা অভিজ্ঞতায় পরিবর্তিত হয়নি।

তবে এসবের থেকেই গুরুতর পর্যবেক্ষণ রয়েছে। চ্যাটজিপিটি ব্যবহারের সময় কিশোর-কিশোরীদের আচরণে আত্মঘাতী হওয়ার মতো কোনও আশঙ্কা পেলেই চ্যাটবট তাদের অভিভাবকদের বিষয়টি জানিয়ে দেবে, এমনটাই দাবি। কিন্তু গবেষকরা দেখছেন, নতুন তৈরি করা অ্যাকাউন্টে কোনও কিশোর বা কিশোরী যদি একঘণ্টাও বেশ সংবেদনশীল বিষয়ে কথা বলে যায়, চ্যাটজিপিটি কিন্তু তাদের অভিভাবকদের কিছু জানাচ্ছে না! দেখা যাচ্ছে, পুরনো অ্যাকাউন্টের ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে কেউ সংবেদনশীল থাকলে তবে তা চ্যাটবটের গোচরে আসছে! ফলে অভিভাবকরা জানতেও পারবেন না তেমন ক্ষেত্রে।

এও দেখা যাচ্ছে, কিশোর-কিশোরী ইউজারের গুরুতর মানসিক সমস্যা থাকলে চ্যাটবট তাতে যেভাবে সাড়া দেয়, তাতেও সমস্যা রয়েছে। আত্মহত্যা, বাস্তব বোধের বিকৃতি জাতীয় পরীক্ষায় বারবার দেখা যাচ্ছে, চ্যাটবট ধারাবাহিকভাবে পেশাদার ভূমিকা পালন করেনি।

Source: Sangbad Pratidin Lifestyle (Bengali)

Read full article on Sangbad Pratidin Lifestyle (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language