‘পড়তে চাই’, এই আর্জি জানিয়ে থানায় বালিকা বধূ। বিয়ের কথা শুনেই সটান থানায় ছুটে গিয়েছিল সেই মেয়ে। বিয়ে এড়িয়ে পড়তে চেয়ে নাবালিকার বিদ্রোহের মুখে বাবা-মা সে যাত্রা থানায় মুচলেকা দিয়ে রেহাই পেলেও শেষপর্যন্ত জোর করে মেয়ের বিয়ে দিয়ে ছেড়েছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির ফাঁকেই সম্প্রতি তাকে ফের শ্বশুরবাড়ি পাঠানোর তোড়জোড় টের পেয়ে এবার রুখে দাঁড়াল সে। স্কুলের দিদিমণিদের সাহায্যে থানায় পৌঁছে বাবা-মা ও স্বামীর বিরুদ্ধেই অভিযোগ দায়ের করল মুর্শিদাবাদের হরিহরপাড়া কাজিপাড়ার আসিফা খাতুন।
তার কাতর আর্জি, “আমি পড়তে চাই। প্রয়োজনে আমাকে সরকারি হোমে রাখা হোক। তবু আমাকে বাড়িতে না পাঠিয়ে পড়াশোনা ব্যবস্থা করে দিক পুলিশ, প্রশাসন।” জানা গিয়েছে, মাস ছয়েক আগে জোর করে বিয়ে দেওয়ার পর শ্বশুরবাড়িতে আত্মহত্যার চেষ্টা করে দশম শ্রেণির ছাত্রী আসিফা। চিকিৎসার পর সুস্থ হলে মেয়েকে নিজেদের কাছে এনে রাখেন তার বাবা-মা।
ইতিমধ্যে পড়াশোনা চালিয়ে মাধ্যমিকের প্রস্তুতি নেওয়ার ফাঁকেই তাকে ফের শ্বশুরবাড়িতে পাঠানোর তোড়জোড়ের খবর জানতে পারে আসিফা। শনিবার মাধ্যমিকের প্রজেক্ট ফাইল স্কুলে জমা দিতে গিয়ে শিক্ষিকাদের কাছে ‘পড়াশোনা করতে চাই’ বলে কেঁদে ফেলে ওই নাবালিকা। শিক্ষিকাদের সহযোগিতায় শেষপর্যন্ত হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে আসিফা। তার পাশে দাঁড়িয়েছেন স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও। তবে এই নিয়ে ছাত্রী আসিফার পরিবার বা শ্বশুরবাড়ির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
