Hashtagintro

পদ্মাপারের কটেজে ‘ভূতের মেলা’! ২ কোটি ৩০ লক্ষের পর্যটনকেন্দ্রে এখন চোরের আখড়া

পদ্মার ধারে পর্যটকদের জন্য কোটি টাকা খরচে গড়ে ওঠা স্বপ্নের পর্যটনকেন্দ্র আজ ভূতুড়ে ধ্বংসস্তূপ! দিনের বেলাতেও সেখানে পা রাখতে ভয় পান স্থানীয়রা। আর অন্ধকার নামলেই সেখানে বসে চোর আর নেশাখোরদের আসর। রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের বড়শিমুল গ্রাম পঞ্চায়েতের চর পিরোজপুর এলাকা। পর্যটন দপ্তরের প্রায় ২ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে পদ্মাপারে তৈরি হয়েছিল ৫টি কটেজ, ইকো পার্ক, রাস্তা ও অন্যান্য পরিকাঠামো। লক্ষ্য ছিল, নদীর হাওয়া আর নিরিবিলি পরিবেশে পর্যটক টেনে এনে এলাকার অর্থনীতি চাঙ্গা করা, স্থানীয় যুবকদের কর্মসংস্থান তৈরি করা। কিন্তু বাস্তব ছবিটা উলটো! কটেজগুলোর দরজা-জানালা ভাঙা, ছাদ চুঁইয়ে জল পড়ছে, দেওয়ালে শ্যাওলা, ভেতরে আবর্জনা। চারপাশ আগাছা আর ঝোপঝাড়ে ঢাকা। পার্কের রাস্তা, বসার জায়গা, আলো সবই নষ্ট। এমনকী দেখভাল করার জন্যে কেউ নেই।

স্থানীয়দের অভিযোগ, উদ্বোধনের পর থেকেই রক্ষণাবেক্ষণ হয়নি। প্রথম দিকে দু-একজন পর্যটক এলেও পরিষেবা না পেয়ে আর আসেননি। এরপর শুরু হয় লুটপাট। রাতের অন্ধকারে কটেজ থেকে খুলে নিয়ে যাওয়া হয়েছে পাখা, আলো, তার, পাইপ, এমনকি দরজার কবজা পর্যন্ত। এখন আলো নেই, নিরাপত্তা নেই। দিনে গরু-ছাগল চরে, রাতে বসে অসামাজিক কাজকর্ম। ফলে জায়গাটা কার্যত চোরেদের আখড়ায় পরিণত হয়েছে। শুধু রক্ষণাবেক্ষণ নয়, নির্মাণ নিয়েও বড় অভিযোগ উঠেছে। চর বাজিতপুর এলাকায় ইকো পার্ক প্রকল্পে সোলার স্ট্রিট লাইট, টয়লেট ও বাউন্ডারি ওয়ালের কাজ অসম্পূর্ণ রেখেই টাকা তুলে নেওয়া হয়েছে বলে দাবি। সোলার লাইট বসলেও জ্বলছে না, টয়লেট হয়নি, বাউন্ডারি ওয়ালও আংশিক। অথচ কাগজে-কলমে কাজ সম্পূর্ণ দেখানো হয়েছে বলে অভিযোগ। 

এ নিয়ে সরব হয়েছেন বড়শিমুল গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল শেখ। তিনি বলেন, “ইকো পার্কের জন্য সোলার লাইট, টয়লেট, বাউন্ডারি ওয়াল, সবকিছুর জন্যেই টাকা বরাদ্দ হয়েছিল। কিন্তু কাজ ঠিকমতো হয়নি। সোলার লাইট বসেছে, একদিনও জ্বলেনি। টয়লেট হয়নি। বাউন্ডারি ওয়াল অর্ধেক পড়ে আছে। অথচ টাকা তুলে নেওয়া হয়েছে। এই প্রকল্প এলাকার মানুষের উপকারের জন্য ছিল, এখন ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। টাকা কোথায় গেল, তদন্ত হওয়া দরকার।”

এলাকাবাসীর দাবি, অবিলম্বে কটেজ মেরামত, পাহারাদার নিয়োগ, আলোর ব্যবস্থা করে পার্কটি চালু করতে হবে। না হলে পদ্মাপারের এই সম্পদ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।

Source: Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Read full article on Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language