Hashtagintro

পরিবারকে হুমকি, হেনস্তা! ডাবলিন বিমানবন্দরে ভয়ংকর পরিস্থিতির শিকার সঙ্গকারা

ডাবলিন বিমানবন্দরে বিড়ম্বনায় পড়লেন কুমার সঙ্গকারা। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক এবং তাঁর পরিবারকে হেনস্তার শিকার হতে হয়েছে। আয়ারল্যান্ডের বিমানসংস্থা রায়ানএয়ারের কর্মীদের বিরুদ্ধে দুর্ব্যবহার ও হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন ৪৮ বছর বয়সি প্রাক্তন ক্রিকেটার।

এক্স হ্যান্ডলে তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন সঙ্গকারা। তাঁর অভিযোগ, বিমানসংস্থার কর্মীরা তাঁদের পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। এমনকী তাঁদের হুমকিও দেওয়া হয়েছে। সঙ্গকারা লেখেন, ‘ডাবলিনে রায়ানএয়ারের কর্মীদের হাতে কি আর কেউ হেনস্তার শিকার হয়েছেন? আমি তো বটেই, আমার পরিবারও একই রকম অভিজ্ঞতার সম্মুখীন হল। বিষয়টি সত্যিই অবাক করার মতো। আমাদের সঙ্গে ওঁরা যেভাবে কথা বলেছেন, দুর্ব্যবহার করেছেন, হুমকি দিয়েছেন, তা ভয়াবহ। কোনও যাত্রীরই এমন আচরণ প্রাপ্য নয়। ডাবলিনে এই প্রথম এত খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হলাম।’

ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা অবশ্য স্পষ্ট করেননি সঙ্গকারা। বিমানসংস্থার কর্মীদের সঙ্গে তাঁর পরিবারের কী নিয়ে বিবাদ হয়েছিল, সে বিষয়েও বিস্তারিত কিছু জানাননি। ঘটনার পর কোনও পদক্ষেপ করেছেন কি না, তা-ও জানা যায়নি। এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি ডাবলিন বিমানবন্দর কর্তৃপক্ষ বা রায়ানএয়ার। সঙ্গকারার পাশে দাঁড়িয়েছেন শ্রীলঙ্কার আর এক প্রাক্তন ক্রিকেটার সঞ্জীব বীরবরণ। বিদেশ থেকে ফেরার পথে বিমানবন্দরে একাধিক বার হেনস্তার শিকার হয়েছেন বলে জানিয়েছেন তিনিও। তাঁর অভিযোগ, কয়েকটি ক্ষেত্রে বর্ণবৈষম্যেরও মুখোমুখি হতে হয়েছে তাঁকে।

শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার সঙ্গকারা। দেশের হয়ে ১৩৪টি টেস্ট, ৪০৪টি ওয়ানডে এবং ৫৬টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। টেস্টে ৩৮টি সেঞ্চুরি ও ৫২টি হাফসেঞ্চুরি-সহ করেছেন ১২,৪০০ রান। ওয়ানডে ক্রিকেটে ২৫টি সেঞ্চুরি ও ৯৩টি হাফসেঞ্চুরি-সহ করেছেন ১৪,২৩৪ রান। ২০০৭ ও ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার রানার্স দলের সদস্য ছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরেও ক্রিকেটের সঙ্গে যুক্ত থেকেছেন সঙ্গকারা। আইপিএলেও খেলেছেন তিনি। পরবর্তী সময়ে রাজস্থান রয়্যালসের হেডকোচের দায়িত্ব সামলেছেন শ্রীলঙ্কার এই প্রাক্তন অধিনায়ক। সেই তিনি আয়ারল্যান্ডে হেনস্তার শিকার হলেন।

Source: Sangbad Pratidin Sports (Bengali)

Read full article on Sangbad Pratidin Sports (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language