মঙ্গলবার প্রকাশিত হয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই ‘বিলংগিং: অ্যা জার্নি অফ লাভ’। সেখানে একের পর এক বিস্ফোরক দাবি করেছে তিনি। এই পরিস্থিতিতে সেই বই নিয়ে এবার কংগ্রেস এবং গান্ধী পরিবারকে বিঁধল বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, সোনিয়ার আত্মজীবনী আসলে পাপ আড়ালের চেষ্টা মাত্র। একইসঙ্গে এমার্জেন্সি নিয়েও কংগ্রেসকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি।
মঙ্গলবার বিজেপি মুখপাত্র সি আর কেশবন বলেন, “বইটির নাম বিলংগিং না রেখে হোয়াইটওয়াশিং (দোষ ধুয়ে মুছে ফেলার প্রচেষ্টা) রাখলে তা আরও যথার্থ হত।” তাঁর অভিযোগ, বইটির উদ্দেশ্য হল কংগ্রেস সরকারের আমলে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তকে মিষ্টি মোড়কে ঢেকে উপস্থাপন করা। বইটিতে সোনিয়া জরুরি অবস্থার ইতিহাসকে লঘু করে দেখানোর চেষ্টা করেছেন। শুধু তাই নয়, জওহরলাল নেহরু নেহরু-গান্ধী পরিবারকে সমালোচনার হাত থেকে আড়ালেরও চেষ্টা করেছেন। এক্স হ্যান্ডলে কেশবন লিখেছেন, ‘সোনিয়া তাঁর স্মৃতিকথার নাম বিলংগিং-এর বদলে হোয়াইটওয়াশিং রাখতে পারতেন। কারণ, এই বইটির উদ্দেশ্য নেহরু এবং গান্ধী পরিবারের ঐতিহাসিক পাপ, ভুলগুলিকে মিষ্টি মোড়কে ঢেকে ফেলা এবং কংগ্রেসের গুরুতর অপরাধগুলিকে আড়াল করা।”
নিজের স্মৃতিকথায় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জারি করা জরুরি অবস্থাকে ‘ভুল’ হিসাবে বর্ণনা করেছেন সোনিয়া। তাঁর বক্তব্য, জরুরি অবস্থার সময় যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, তার অনেকটাই এড়ানো যেত যদি ইন্দিরা তাঁর ছোট ছেলে সঞ্জয় গান্ধীকে ‘নিয়ন্ত্রণে’ রাখতেন। তবে সোনিয়ার এই দাবি খারিজ করে দিয়েছেন কেশবন। তাঁর মতে, জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার খর্ব করা, সংবাদপত্রের উপর সেন্সরশিপ আরোপ এবং বিধিনিষেধ গুলিকে ‘যৌক্তিক ও স্বাভাবিক’ হিসাবে তুলে ধরার প্রচেষ্টা করেছেন কংগ্রেস নেত্রী।
Source: Sangbad Pratidin India (Bengali)