কালীপুজোর আগের রাতে ভয়ংকর কাণ্ড কোচবিহারে। পারিবারিক বচসার জেরে তিন ভাইয়ের মারামারিতে প্রাণ গেল একজনের। খবর পেয়েই দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে পরিবারের একাধিক সদস্যকে আটক করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতের নাম নৃপেন বাদ্যকর। কোচবিহারের দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েতের দেওয়ানহাট হাইস্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা তিনি। পুলিশ সূত্রে খবর, শনিবার অর্থাৎ গতকাল রাতে ভাই গেন্দা বাদ্যকর ও জিতেন বাদ্যকরের সঙ্গে অশান্তি বাধে নৃপেনের। এক পর্যায়ে তা হাতাহাতিতে পৌঁছয়। অভিযোগ সেই সময় দুই ভাই মিলে মাথায় আঘাত করে নৃপেনের। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ভাইকে ওই অবস্থায় ফেলেই চম্পট দেয় অভিযুক্তরা। বেশ কিছুক্ষণ পর ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় নৃপেন। তাঁকে উদ্ধার করে দেওয়ানহাট প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দেওয়ানহাট ক্যাম্পের পুলিশকর্মীরা। পরে কোতোয়ালি থানার পুলিশও পৌঁছয় সেখানে। দেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি আটক করা হয় বেশ কয়েকজনকে। কিন্তু ঠিক কী নিয়ে তাঁদের মধ্যে অশান্তি হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হলেই গোটা বিষয়টা স্পষ্ট হবে। অভিযুক্তরা শাস্তি পাবে।
