রাজ্যে পালাবদলের পর প্রথম দুর্গাপুজোয় বিজেপির বুক স্টলে এবার রেকর্ড বই বিক্রি হল। বিজেপি এবং গেরুয়াপন্থী বিভিন্ন সংগঠনের স্টল মিলিয়ে বদলের বাংলায় ২ কোটি টাকার বেশি বই বিক্রি হল। সব চেয়ে বেশি বিক্রি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে লেখা একাধিক বই।
এবার বুক স্টলে চাহিদার কথা ভেবে বেশি করে রাখা হয়েছিল ২৫ বছর প্রশাসক হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বই। এবং ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী, তাঁর রাজনৈতিক দর্শন এবং কাশ্মীরে তাঁর অবদান সম্পর্কিত বই। মোদি ও শ্যামাপ্রসাদকে নিয়ে বইগুলির চাহিদা বেশি ছিল বিভিন্ন স্টলে। এবার গেরুয়া শিবিরের প্রায় ২৫০০টি স্টল হয়েছিল রাজ্যজুড়ে। কলকাতা পুর এলাকাতেই ছিল ২০০-র বেশি স্টল। পুজোয় বুকস্টলের দায়িত্বে থাকা বিজেপির রাজ্য সহ-সভাপতি অমিতাভ রায় জানিয়েছেন, “প্রতিটা বড় পুজো মণ্ডপের সামনেই বুক স্টল হয়েছিল। দলের ৪০টি সাংগঠনিক জেলায়, প্রতি জেলা পিছু দুই থেকে আড়াই লক্ষ টাকার বই বিক্রি হয়েছে। এ ছাড়াও, ব্যক্তিগতভাবে এবং বিভিন্ন সংগঠন ২০ থেকে ৩০ হাজার টাকার বই নিয়ে গিয়েছিল। সেগুলিও বিক্রি হয়েছে। সব মিলিয়ে ২ কোটি টাকার বেশি বই বিক্রি হয়েছে।” দলের সাহিত্য ইনচার্জ সপ্তর্ষি চৌধুরী বলেন, “মোদিজির উপর এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে বইয়ের চাহিদা ছিল। এ ছাড়া, পার্টির বিভিন্ন পত্রপত্রিকার চাহিদাও ভালো ছিল।”
প্রসঙ্গত, দলের বিভিন্ন বুক স্টলে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। টালা বারোয়ারির পুজোমণ্ডপ প্রাঙ্গণে সপ্তর্ষি চৌধুরীর উদ্যোগে বুক স্টলে গিয়েছিলেন শমীক। বিজেপি নেতৃত্বের দাবি, এবার বুক স্টলগুলিতে পার্টির কর্মী-সমর্থকরাই শুধু নয়, আমজনতার পাশাপাশি যুব সমাজের উপস্থিতিও ছিল লক্ষণীয়। এবার বুক স্টলগুলি থেকে বিনামূল্যে পুজোর দর্শনার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও সাফল্য নিয়ে বিশেষ পুস্তিকাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প, সাফল্যগাথা নিয়ে বিশেষ পুস্তিকার চাহিদাও ছিল।
অঙ্গ-কলিঙ্গ বিজয়ের পর এবার এসেছে বঙ্গ। ছাব্বিশের বিধানসভা ভোটে প্রথমবার বাংলা জয়ের স্বাদ পেয়েছে বিজেপি। এবারই শাসকদল বিজেপির আমলে বাংলায় প্রথম দুর্গাপুজো ছিল। আর সেই পুজোয় বুক স্টলে পাঁচ মাসে রাজ্য সরকার কী কী কাজ করল তা বঙ্গবাসীর কাছে পুস্তক আকারে তুলে ধরে গেরুয়া শিবির। এ ছাড়াও বিক্রি হয়েছে আরএসএসের ইতিহাস, কর্মপদ্ধতি এবং হিন্দুত্ববাদের তাত্ত্বিক ব্যাখ্যামূলক বই, রাজনৈতিক দল হিসাবে বিজেপির উত্থানের ইতিহাস। বিজেপির প্রবাদপ্রতিম নেতাদের আত্মজীবনী। সুবক্তাদের সংকলন। রামমন্দির-সহ বিভিন্ন আন্দোলনের ইতিহাস। বিজেপি সূত্রে খবর, গত বছরও পুজোর সময়ে বিজেপির বুক স্টলে জেলা পিছু ২০-২৫ হাজার টাকার মতো বই বিক্রি হত। এবার বিক্রির সংখ্যা রেকর্ড ছাড়াল বলেই দলের তরফে জানানো হয়েছে।