মার্কিন বায়ুসেনা কমান্ডারের পাশে বসেই আমেরিকাকে দু’কথা শুনিয়ে দিলেন বায়ুসেনা প্রধান এপি সিং। আমেরিকার পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান এফ-৩৫ ভারতকে বিক্রির প্রসঙ্গ উঠলে পালটা কটাক্ষের সুর শোনা গেল সিংয়ের গলায়। স্পষ্ট ভাষায় এই যুদ্ধবিমান ক্রয়ের দাবি খারিজ করে জানালেন, ‘মার্কিন আধিকারিকরা ভারতীয় আধিকারিকদের ওই বিমানের পাশে ঘেঁষতে দেন না। এরাই আবার এই বিমান ভারতকে বিক্রির কথা বলছে।’
‘তরঙ্গ শক্তি ২০২৬’-এর মহড়া শেষে শনিবার যোধপুরে সাংবাদিক বৈঠক করছিলেন বায়ুসেনা প্রধান এপি সিং। সেখান উপস্থিত ছিলেন মার্কিন প্যাসিফিক এয়ার ফোর্সেস-এর কমান্ডার জেনারেল কেভিন স্নাইডার। সেখানেই এক বিদেশি সাংবাদিকদের তরফে বায়ুসেনা প্রধানকে প্রশ্ন করা হয়, আমেরিকা তাদের পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান এফ-৩৫ ভারতকে বিক্রির জন্য কোনও আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে কি না। উত্তরে এপি সিং বলেন, “আপনাদের আধিকারিকরা আমাদের ওই বিমানের কাছে ঘেঁষতে দেয় না। আর আপনারা আমাদের কাছে তা বিক্রির কথা বলছেন।” বায়ুসেনা প্রধান স্পষ্ট জানান, এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির জন্য ভারত এখনও আমেরিকার থেকে কোনও আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি।
পি সিং বলেন, “আপনাদের আধিকারিকরা আমাদের ওই বিমানের কাছে ঘেঁষতে দেয় না। আর আপনারা আমাদের কাছে তা বিক্রির কথা বলছেন।”
মার্কিন এফ-৩৫ কেনার সম্ভাবনায় জল ঢাললেও আমেরিকার সামনেই রাশিয়ার সুখোই বিমান প্রসঙ্গে ইতিবাচক বার্তা দেন সিং। তিনি বলেন, “রাশিয়ার পঞ্চম প্রজন্মের এসইউ-৫৭ যুদ্ধবিমান কেনার প্রস্তাব পেয়েছি। তবে এই বিমান আমাদের চাহিদা কতটা পূরণ করবে তা মূল্যায়ন করার পরই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর অন্যান্য সক্ষমতার কথা বলতে গেলে, সেগুলি সবই উপলব্ধ, তাই আপাতত আমরা এটুকুই জানি।”
এছাড়াও বায়ুসেনা প্রধান আরও বলেন, ভারত ভবিষ্যতের যুদ্ধবিমানের প্রয়োজনীয়তা মূল্যায়ন করছে এবং দেশীয় প্রতিরক্ষা উৎপাদন শক্তিশালী করার দিকেও মনোযোগ দিচ্ছে। প্রতিরক্ষা প্রযুক্তিতে আত্মনির্ভর হয়ে উঠছে ভারত। শুধু তাই নয়, ভারত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির জন্যও কাজ করছে।
Source: Sangbad Pratidin India (Bengali)
