Hashtagintro

পুজোর দিঘায় বিশেষ আগমনি অনুষ্ঠান, আলোয় সেজে ওঠা সৈকত শহরে গাইবেন অন্বেষা-শান

বদলের বাংলায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবার যেন আরও আনন্দময়। ঘরে ঘরে বেজে গিয়েছে আগমনি সুর। শেষ মুহূর্তের প্রস্তুতিতে তুমুল তোড়জোড় পুজো মণ্ডপগুলিতে। দুর্গাপুজোর সময় আমবাঙালি প্যান্ডেল হপিংয়ে উৎসব উদযাপন করলেও, কেউ কেউ পুজোর ছুটি কাজে লাগান অন্যভাবে। তাঁরা এসময়ে তল্পিতল্পা গুটিয়ে বেরিয়ে পড়েন ঘুরতে। আর কে না জানে বাঙালি পর্যটকের কাছে দিঘা ঠিক কতটা কাছের আর প্রিয় ডেস্টিনেশন! তাঁদের জন্য এবার সুখবর। পুজোয় সৈকত শহর সেজে উঠছে অন্যভাবে। দিঘায় সমুদ্রস্নানের আনন্দ উপভোগের সঙ্গে সঙ্গে প্রাণের উৎসবের আবহেও গা ভাসাতে পারবেন বাঙালি। রাজ্য সরকারের উদ্যোগে ‘মায়ের আগমনে আনন্দ দিঘা জুড়ে’ মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে নতুন রূপ পেতে চলেছে।

পুজোর প্রাক্কালে বিশেষভাবে সেজে উঠছে দিঘা, নিজস্ব ছবি

পুজো শুরুর ঠিক আগে বিশেষ আগমনি অনুষ্ঠানের আয়োজন হয়েছে দিঘায়। সেই উপলক্ষে আলোকমালায় সেজে উঠছে সৈকত শহর। দিঘার পথঘাট থেকে জগন্নাথধাম কালচারাল সেন্টারের মতো সমস্ত দর্শনীয় স্থানকে আলোয় আলোকিত করে তোলা হয়েছে। ইতিমধ্যেই সন্ধ্যার দিঘা অন্য রূপে আত্মপ্রকাশ করেছে! যা নজর কাড়ছে স্থানীয় বাসিন্দা থেকে পর্যটক সকলের।

চতুর্থী ও পঞ্চমীতে শান-অন্বেষার লাইভ কনসার্ট, নিজস্ব ছবি

জানা যাচ্ছে, আগামী ১৪ ও ১৫ অক্টোবর এই বিশেষ আগমনি অনুষ্ঠান হবে দিঘায়। তার নাম ‘মায়ের আগমনে আনন্দ দিঘা জুড়ে’। দু’দিন থাকছে একাধিক মনমাতানো অনুষ্ঠান। সবচেয়ে আকর্ষণীয় জনপ্রিয় গায়ক শান ও অন্বেষা দত্তগুপ্তর লাইভ অনুষ্ঠান। ১৪ তারিখ, চতুর্থীতে দিঘায় লাইভ পারফর্ম করবেন শান ও ১৫ অক্টোবর অর্থাৎ পঞ্চমীর দিন সরাসরি অন্বেষার গান শোনার সুযোগ থাকছে দিঘাবাসীর কাছে। নিউ দিঘা সমুদ্র সৈকতে হবে আগমনির মেগা সেলিব্রেশন।

সন্ধ্যার দিঘায় আলোকসজ্জা, নিজস্ব ছবি

দুর্গাপুজোর প্রাক্কালে এমন জমজমাট অনুষ্ঠানের আয়োজনে স্বভাবতই সৈকত শহরে শারদ আনন্দ কয়েকগুণ বেড়েছে। আলোকসজ্জা আর আগমনি অনুষ্ঠান উপভোগ করতে মুখিয়ে দিঘাবাসী। এসময় দিঘায় গেলে পর্যটকদের সন্ধ্যাও দারুণ কাটবে, তা হলফ করে বলা যায়। এর আগে ক্রিসমাস ও ইংরাজি নববর্ষ উদযাপনে এভাবে দিঘাকে আলোয় সাজিয়ে তোলা হয়েছিল। তা দারুণ উপভোগ করেছিলেন সকলে। আর এবার বাঙালির প্রাণের উৎসবকে আরও আকর্ষণীয় করতে বিশেষ উদ্যোগী হল রাজ্যের নতুন সরকার।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language