অরুণাচলের দুর্গম পার্বত্য অঞ্চলে ফের খোঁজ মিলল নয়া প্রাণীর। এক-দুটি একসঙ্গে ৫টি নয়া প্রজাতির ব্যাঙের হদিশ পেলেন জীব বিজ্ঞানীরা। এই ৫টি নয়া প্রজাতির মধ্যে একটির খাদ্যতালিকা দেখে যারপরনাই বিস্মিত বিজ্ঞানীমহল। ক্ষুদে শিংওয়ালা এই ব্যাঙের পোকামাকড়ে বিশেষ রুচি নেই। বরং শামুক খেতে বেশি পছন্দ করে এই ব্যাঙ। তাও আবার খোলাসুদ্ধু।
বিপুল প্রাণী বৈচিত্রের দিক থেকে পূর্ব হিমালয় জীব বিজ্ঞানীদের কাছে বরাবরই আগ্রহের কেন্দ্রবিন্দু। সাম্প্রতিক সময়ে অরুণাচলে খোঁজ মিলেছে একের পর এক নয়া প্রাণীর সেই তালিকাতেই নতুন করে যুক্ত হল ক্ষুদে ৫টি ব্যাঙ। জানা গিয়েছে, গত ৫ বছর ধরে অরুণাচলের দুর্গম পাহাড়ি জঙ্গলে অনুসন্ধান চালাচ্ছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয় আর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। তাঁরাই এই প্রাণীর খোঁজ পান। গত ১১ নভেম্বর আন্তর্জাতিক জার্নাল রয়্যাল সোসাইটি ওপেন সায়েন্স-এ এই সংক্রান্ত এক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। যেখানে সবচেয়ে বড় চমক ছিল এই শামুকখেকো ব্যাঙ।

‘জিঙ্গোফ্রিস টানোগোগো’ নামের এই ব্যাঙের পেটের ভিতরে আস্ত শামুকের খোলস পেয়েছেন বিজ্ঞানীরা। অত্যাধুনিক থ্রিডি মাইক্রো-সিটি স্ক্যান করে দেখা গিয়েছে, ব্যাঙটি খোলাসুদ্ধু শামুক খায়। জানা যাচ্ছে, ভারতে নথিভুক্ত এটাই প্রথম শামুকখেকো ব্যাঙ। শুধু ভারত নয়, এশিয়ান শিংওয়ালা ব্যাঙের পরিবারে (Megophryidae family) এই প্রথম কোনও ব্যাঙের শামুক খাওয়ার প্রমাণ পাওয়া গেল। স্থানীয় অপাটানি ভাষা থেকেই ব্যাঙটির নামকরণ করা হয়েছে, ‘টানোগোগো’ শব্দের অর্থ হল শামুক। এছাড়াও বাকি যে ৪টি নয়া প্রজাতির শিংওয়ালা ব্যাঙের হদিশ মিলেছে সেগুলি হল, জিঙ্গোফ্রিস টানিইটাটি, জিঙ্গোফ্রিস সিয়াংএনসিস, জিঙ্গোফ্রিস হার্ডি, জিঙ্গোফ্রিস উলারসোনি। এই আবিষ্কারের ফলে ভারতে শিংওয়ালা ব্যাঙের প্রজাতির সংখ্যা এক ধাক্কায় ৮-এ পৌঁছে গেল।

জানা যাচ্ছে, এই গবেষণার নেতৃত্বে ছিলেন ডক্টর সোনালি গর্গ। যিনি হার্ভার্ডের মিউজিয়াম অব কম্পারেটিভ জুলজির বায়োডাইভার্সিটি ফেলো। তাঁর সঙ্গে ছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক এস ডি বিজু, গবেষক টাগে টাজো, রাধাকৃষ্ণ উপাধ্যায় এবং হার্ভার্ডের জেমস হ্যাঙ্কেন।

অরুণাচলের মাইনাস ৪ ডিগ্রি ঠান্ডায় পাহাড়ি জঙ্গলে ঘুরে, ডিএনএ পরীক্ষা, ডাকের রেকর্ড আর শরীরের গঠন মিলিয়ে নতুন প্রজাতি চিহ্নিত করেছেন তাঁরা। বিজ্ঞানীরা জানান, হিমালয়ের এই অঞ্চলের জীব বৈচিত্র বিশাল। হিমালয়ে শুধু বাইরে থেকে নয়া প্রজাতি আসেনি, বরং এখানে নতুন প্রজাতির জন্ম হয়েছে লক্ষ লক্ষ বছর ধরে। অরুণাচল এখনও বিশ্বের সবচেয়ে কম অন্বেষণ করা জীববৈচিত্র্য অঞ্চলগুলির একটি।

