সড়কপথে এবার প্রত্যন্ত সুন্দরবনের সঙ্গে কলকাতা যোগাযোগ ব্যবস্থা হবে আরও সহজ। সুন্দরবন থেকে উলটোডাঙা হয়ে সোজা বারাসত পর্যন্ত বাস চলাচল শুরু হল। যাতায়াত ব্যবস্থা সুগম করতে নতুন দু’টি বাসের উদ্বোধন করলেন সন্দেশখালির বিধায়ক সনৎ সর্দার।
সন্দেশখালির বিধায়ক সনৎ সর্দার বলেন, “এই বাস পরিষেবার ফলে সন্দেশখালি থেকে কলকাতার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। আগামিদিনে এই রুটে আরও বাসের সংখ্যা বাড়ানো হবে। তার ফলে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষদের সড়কপথে যাতায়াত অনেকটা সহজ হবে।”
জানা গিয়েছে, একটি বাস ধামাখালি থেকে সায়েন্স সিটি, উলটোডাঙা ও বিমানবন্দর হয়ে বারাসতে পৌঁছবে। দ্বিতীয়টি ন্যাজাট থেকে সায়েন্স সিটি ও বিমানবন্দর হয়ে বারাসত পর্যন্ত চলবে। এই বাসটি সকাল ৭টা এবং বিকেল ৩টেয় ছাড়বে। আবার বারাসত থেকে ন্যাজাটের বাসটি ছাড়বে সকাল ৭টা ৩০ মিনিট এবং বিকেল ৩টেয়। ধামাখালি থেকে বাসটি বিকেল ৩টে এবং সাড়ে ৪টেয় ছাড়বে। বারাসত থেকে ধামাখালির বাসটি সকাল ৭টা এবং ১১টায় ছাড়বে।
জানা গিয়েছে, ন্যাজাট থেকে বারাসতের বাসটির ভাড়া ৭৩ টাকা এবং ধামাখালির বাসটির ভাড়া ৭০ টাকা। এই বাসটিতে মহিলাদের কোনও ভাড়া লাগবে না। বাস পরিষেবা উদ্বোধন করে সন্দেশখালির বিধায়ক সনৎ সর্দার বলেন, “এই বাস পরিষেবার ফলে সন্দেশখালি থেকে কলকাতার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। আগামিদিনে এই রুটে আরও বাসের সংখ্যা বাড়ানো হবে। তার ফলে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষদের সড়কপথে যাতায়াত অনেকটা সহজ হবে।”
বলে রাখা ভালো, এর আগে রাসপূর্ণিমার সময় মায়াপুরের ইসকন পর্যন্ত দু’টি রুটে বাস পরিষেবার উদ্বোধন করেন। একটি বালুরঘাট থেকে এবং অপরটি বাসটি শিলিগুড়ি থেকে মায়াপুর ইসকন পর্যন্ত চালু করা হয়। শিলিগুড়ি-মায়াপুর ইসকনগামী বাসটি সকাল ৬টায় শিলিগুড়ি থেকে ছাড়ে। সন্ধ্যা ৬-৭টা নাগাদ মায়াপুর পৌঁছয়। আবার পরদিন সকাল ৬টায় ফের বাসটি মায়াপুর ইসকন থেকে ছাড়ে। শিলিগুড়িতে বাসটি পৌঁছয় সন্ধ্যায়। শিলিগুড়ি থেকে মায়াপুর ইসকনগামী এই বাসটির আসন সংখ্যা ৫২। ভাড়া ৩৭৮ টাকা। একদিন অন্তর বাসটি চলছে। যাতে উপকৃত হচ্ছেন পুণ্যার্থী-সহ অন্যান্য যাত্রীরা।
