সকলেই জানেন, ব্যাট হাতে তিনি কী করতে পারেন। এবার যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) নজর উইকেটকিপিংয়েও! রনজি ট্রফি শুরুর আগে মুম্বইয়ের অনুশীলনে গ্লাভস হাতে দেখা গেল ভারতীয় টেস্ট ওপেনারকে। নিজের ইনস্টাগ্রামেও সেই ভিডিও পোস্ট করেছেন ২৪ বছরের বাঁহাতি তারকা। যা দেখে ইতিমধ্যেই অনেকেই বলছেন, রাহুল দ্রাবিড়ের দেখানো পথে হাঁটছেন যশস্বী।
আগামী রবিবার, ১১ অক্টোবর ওয়াংখেড়ে স্টেডিয়ামে চণ্ডীগড়ের বিরুদ্ধে রনজি ট্রফির প্রথম ম্যাচ খেলবে মুম্বই। তার আগেই যশস্বীর নতুন ভূমিকায় অনুশীলন নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। তিনি কি ভবিষ্যতে নিয়মিত উইকেটকিপিং করতে চান? নাকি শুধুই নিজের ক্রিকেটীয় দক্ষতার পরিধি বাড়ানোর চেষ্টা? মুম্বই অধিনায়ক সিদ্ধেশ লাড বলছেন, “আমার মনে হয় যশস্বী উইকেটকিপিং শুরু করার জন্য বেশ জোর দিয়ে অনুশীলন করছে। ও নিজেই আমাকে বলেছে, মুম্বই বা ভারতীয় দলের হয়ে উইকেটকিপিং করতে চায়। সেটাই ওর লক্ষ্য বলে আমার মনে হয়েছে। তবে শেষ পর্যন্ত ও নিয়মিত এই দায়িত্ব নিতে চায় কি না, সে বিষয়ে আমার কাছে এখনও পুরোপুরি পরিষ্কার নয়।”
কেবল কথায় নয়, মাঠেও নাকি সেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন যশস্বী। মুম্বইয়ের একটি প্রস্তুতি ম্যাচে প্রায় ১০ ওভার উইকেটের পিছনে দাঁড়িয়েছিলেন তিনি। ফলে বিষয়টি নিছক কৌতূহল মেটানোর চেষ্টা নয় বলেই মনে করা হচ্ছে। লাড আরও বলেন, “যশস্বী মনে করছে, নিজের খেলায় আরও কিছু সংযোজন করা দরকার। তাই উইকেটকিপিংয়ের অনুশীলন করছে। ওর আসল উদ্দেশ্য কী, সেটা বলতে পারব না। তবে এখন নিয়মিত অনুশীলন করছে। এভাবে চালিয়ে গেলে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবে।” এর আগে প্রয়োজনে লেগস্পিনও করেছেন। যদিও ভারতীয় দলের হয়ে তাঁর বোলিং এখনও নিয়মিত দেখা যায়নি। এবার উইকেটকিপিংয়ের অনুশীলন তাঁর ‘বহুমুখী ক্রিকেটার’ হয়ে ওঠার চেষ্টাকেই যেন আরও এক ধাপ এগিয়ে দিল।
View this post on Instagram
এই ঘটনার সঙ্গে অনেকে মিল পেয়েছেন রাহুল দ্রাবিড়ের। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রাবিড়ের উইকেটকিপিংয়ের শুরু ১৯৯৯ সালের এপ্রিল মাসে। শারজা কাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে নিয়মিত উইকেটকিপার নয়ন মোঙ্গিয়া চোট পাওয়ার পর বদলি হিসাবে উইকেটের পিছনে দাঁড়িয়েছিলেন তিনি। সুনীল যোশির বলে গ্রাহাম হিককে স্টাম্পিং করে প্রথম শিকার ধরেন দ্রাবিড়। সেই বছরই বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে টনটনে, ২৬ মে, প্রথমবার শুরু থেকেই মূল উইকেটকিপার হিসাবে খেলেন। ১৪৫ রানের দুরন্ত ইনিংসও উপহার দেন। ২০০২ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্বে ওয়ানডেতে অতিরিক্ত একজন ব্যাটসম্যান খেলানোর কৌশল হিসাবে নিয়মিত উইকেটকিপিংয়ের দায়িত্ব নেন দ্রাবিড়। ২০০৩ বিশ্বকাপেও ভারতের উইকেটের পিছনে ছিলেন তিনি। এবার কি সেই পথেই হাঁটছেন যশস্বী জয়সওয়াল? টেস্ট দলে জায়গা পেলেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিয়মিত সুযোগ মিলছে না বাঁহাতি ব্যাটারের। তাই ইউটিলিটি ক্রিকেটার হিসাবে নিজের গুরুত্ব বাড়াতে উইকেটকিপিংয়েও হাত পাকাচ্ছেন কি না, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। নেটদুনিয়ায় অন্তত তেমনই আলোচনা।
মুম্বইয়ের কাছেও যশস্বীর উপস্থিতি স্বস্তির। শার্দূল ঠাকুরকে এই মরশুমে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে, প্রাক্তন অধিনায়ক অজিঙ্ক রাহানে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ফলে তুলনায় তরুণ দলের কাছে যশস্বীর অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। মুম্বই অধিনায়কের কথায়, “যশস্বী শুধু পারফরম্যান্স দিয়েই দলের উপকার করে না, ওর অভিজ্ঞতাও দলের জন্য বড় সম্পদ। যত দূর জানি, প্রথম ম্যাচের জন্যই ওকে পাওয়া যাচ্ছে। সর্বোচ্চ পর্যায়ে ও নিজেকে প্রমাণ করেছে। ওর সঙ্গে একই ড্রেসিংরুমে থাকা আমাদের তরুণ ক্রিকেটারদের জন্যও বড় শিক্ষা। আমরা ওকে নিয়ে খুবই আশাবাদী।”
