Hashtagintro

প্রধান বিচারপতিকে নিশানা করে পোস্ট! ‘অবমাননা বরদাস্ত নয়’, কংগ্রেসকে নোটিস সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তকে (CJI Surya Kant) নিয়ে ‘অবমাননাকর’ পোস্ট করার অভিযোগ। কেরলমের প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে নোটিস দিল শীর্ষ আদালত। কেন তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে পদক্ষেপ করা হবে না, তা জানতে চেয়েছে বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চ।

এসআইআর বিরোধী বিক্ষোভের সময় সরাসরি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তকে নিশানা করে একটি সোশাল মিডিয়া পোস্ট করে কেরলম কংগ্রেস। পরবর্তীতে তীব্র সমালোচনার মুখে পোস্টটি মুছে ফেলে কেরল কংগ্রেস। দলের নেতারাও এই ঘটনার জন্য ক্ষমা চান। পাশাপাশি, প্রধান বিচারপতির বিরুদ্ধে ওই পোস্টের জন্য দায়ী ব্যক্তিকে দল থেকে বরখাস্ত করা হয়েছে বলেও জানায় কংগ্রেস।

এদিন সুপ্রিম কোর্টের নির্দেশে, “সংবিধানই সর্বোচ্চ। কোনও ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাজনৈতিক সংগঠন তার ঊর্ধ্বে নয়। বিচার বিভাগের স্বাধীনতা রাজনৈতিক সুবিধা-অসুবিধার বিষয় নয়। এটি একটি সাংবিধানিক অধিকার, যা এই প্রজাতন্ত্র এবং দেশের মানুষের কাছে দায়বদ্ধ।” সুপ্রিম কোর্ট আরও জানায়, আদালতের কর্তৃত্ব খর্ব করার যে কোনও প্রচেষ্টাকে কঠোর হাতে মোকাবিলা করা প্রয়োজন। এই মামলায় একজন প্রবীণ আইনজীবীকে অ্যামিকাস কিউরি হিসাবে নিয়োগ করেছে শীর্ষ আদালত। সংশ্লিষ্ট ঘটনায় ফৌজদারি না দেওয়ানি, কোন ধরনের আদালত অবমাননার অভিযোগ প্রযোজ্য হতে পারে, তা খতিয়ে দেখবেন তিনি। পাশাপাশি অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমানিরও সহযোগিতা চেয়েছে আদালত।

গত ১২ অক্টোবর কেরলম প্রদেশ কংগ্রেসের এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়। ওই পোস্টে প্রধান বিচারপতির উদ্দেশে লেখা হয়, “প্রিয় সূর্য কান্ত, যদি আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয় আপনার এক্তিয়ারের মধ্যে না পড়ে, তা হলে পদত্যাগ করুন। আমরা আপনার বিকল্প খুঁজে নেব, যিনি এটা সামলাতে পারবেন।”

Source: Sangbad Pratidin India (Bengali)

Read full article on Sangbad Pratidin India (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language