Hashtagintro

প্রাণ হাতে প্রকৃতিকে বাঁচান তাঁরা, এদেশের ১০ হাজার বনকর্মীদের পাশে যুবরাজ উইলিয়াম

দুর্গম অরণ্যের প্রতিকূল পরিবেশে কাজ করতে হয় তাঁদের। কিন্তু চাকরি নয় স্থায়ী। তার উপর নেই বিমাও। এমনই ঝুঁকিপূর্ণ অস্থায়ী কর্মীদের জীবন। এবার তাঁদের পাশে দাঁড়ালেন ব্রিটেনের যুবরাজ উইলিয়াম। তিনি এবং রয়্যাল ফাউন্ডেশনের ‘ইউনাইটেড ফর ওয়াইল্ডলাইফ’ শুক্রবার ভারতের সাতটি রাজ্যে কর্মরত ১০ হাজার অস্থায়ী বন্যপ্রাণী রক্ষীর পাঁচ বছরের একটি ব্যক্তিগত দুর্ঘটনা বিমা কর্মসূচির ঘোষণা করেছে। এদেশের জঙ্গলে চোরাশিকারিদের দাপট বাড়ছে। সেই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় অস্থায়ী বনকর্মীদের।

জঙ্গলের প্রাণীদের উপরে নজরদারির সময় গুরুত্বপূর্ণ পদক্ষেপও করেন তাঁরা। এবং তা করতে হয় প্রতিকূলতার মধ্যেই। এই পরিস্থিতিতে এমন এক বিমার ঘোষণা যে অত্যন্ত স্বস্তিদায়ক, তা মনে করছে ওয়াকিবহাল মহল। এই বিমার আওতায় দায়িত্ব পালনকালে মৃত্যু বা গুরুতর আঘাতের ক্ষেত্রে কর্মী ও তাঁর পরিবার আর্থিক সাহায্য পাবেন। ২০২৬ সালের ডিসেম্বর মাস থেকে কার্যকর হতে যাওয়া এই কর্মসূচিটি মধ্যপ্রদেশ, কর্নাটক, অসম, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, কেরল এবং রাজস্থানের অস্থায়ী বনরক্ষীদের আওতাভুক্ত করবে। এশিয়ায় বন্যপ্রাণী রক্ষীদের জন্য বৃহত্তম বিমা কর্মসূচিগুলির মধ্যে অন্যতম এই বিমা।

১৬ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত প্রিন্স উইলিয়াম তিনদিনের সফরে ভারতে এসেছিলেন। আর এই এই সফরের অংশ হিসেবে মুম্বইয়ে ‘আর্থশট প্রাইজ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এক বিবৃতিতে প্রিন্স উইলিয়াম বলেন, “ভারতের বন্যপ্রাণী রক্ষীরা দিন-রাত এই মূল্যবান বন্যপ্রাণী সুরক্ষায় কাজ করেন। তাঁরা দুর্গম বনে টহল দেন, কঠিন পরিস্থিতির মোকাবিলা করেন এবং নানা ধরনের বড় ঝুঁকির সম্মুখীন হন— এসবই তাঁরা করেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রকৃতিকে সুরক্ষিত রাখার উদ্দেশ্যে।” এরপরই তিনি ওই বিমার ঘোষণা করেন।

Source: Sangbad Pratidin India (Bengali)

Read full article on Sangbad Pratidin India (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language