Hashtagintro

প্রেমিকার জীবনে অন্য কেউ, প্রতিশোধ নিতে খুনের পর ধানখেতে পোঁতা হয় দেহ! ৩ জনের যাবজ্জীবন

কিশোরীকে অপহরণ করে খুনের পর পুঁতে দেওয়া হয়েছিল জমিতে। বাসন্তীর সেই হাড়হিম করা খুনের ঘটনায় ৩ দোষীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজা শোনাল আলিপুর আদালত। ২০২৫ সালের এই ঘটনায় আগেই ওই ৩ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। সেই মামলাতেই এবার সাজা ঘোষণা করা হল। তদন্তকারীরা জানান, ওই কিশোরীর জীবনে তৃতীয় ব্যক্তি প্রবেশ করায় বন্ধুদের সঙ্গে মিলে তাকে খুন করে প্রেমিক।

জানা গিয়েছে, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে বাসন্তী থানা এলাকার ১৪ বছরের আদিবাসী কিশোরী আচমকা নিখোঁজ হয়ে যায়। তার খোঁজে শুরু হয় তল্লাশি। কিন্তু বেশ কয়েকদিন কেটে গেলেও তাকে পাওয়া যায়নি। ১৪ দিন পরে এলাকার একটি ধানখেতের জমি খুঁড়ে তার দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকার বুদ্ধদেব সর্দার ওরফে বুদ্ধদেব ওরফে নন্টে, দীপেন কয়াল এবং প্রতীক সর্দারকে গ্রেপ্তার করা হয়। পরে জানা যায়, বুদ্ধদেবের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু কিশোরীর জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশ হওয়ায় দুজনের মধ্যে শুরু হয় বিবাদ। এর জন্যই বন্ধুদের নিয়ে প্রেমিকাকে খুনের ছক কষে বুদ্ধদেব। এরপর তাকে খুন করে ধানের জমিতে পুঁতে দেওয়া হয়।

এই মামলাতে অভিযুক্ত তিনজনকে দোষী সাব্যস্ত করে আলিপুর আদালত। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩-এর ২৫৮(২) ধারায় আদালত তিনজনকে সাজা ভোগ করার নির্দেশ দিয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩-এর ১০৩/৩(৫) ধারায় খুনের অপরাধে তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে দোষীদের। একই মামলায় ভারতীয় ন্যায় সংহিতার ১৪০(১)/৩(৫) ধারায় অপহরণের অপরাধে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২৫,০০০ টাকা করে জরিমানা করা হয়েছে। এই জরিমানা না দিলে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড হবে। ভারতীয় ন্যায় সংহিতার ২৩৮/৩(৫) ধারায় প্রমাণ লোপাটের অপরাধে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৫,০০০ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও চার মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়াও ভারতীয় ন্যায় সংহিতার ৬১(২) ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০,০০০ টাকা করে জরিমানা করা হয়েছে। এই জরিমানা না দিলে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড হবে।

আদালতের নির্দেশে বলা হয়েছে, সমস্ত অপরাধ একই ঘটনার অংশ হওয়ায় এবং একসঙ্গে বিচার হওয়ায় মূল কারাদণ্ডের সাজাগুলি একসঙ্গে চলবে। তবে জরিমানা না দেওয়ার কারণে যে অতিরিক্ত সাজা হবে, তা একের পর এক চলবে। তদন্ত, অনুসন্ধান ও বিচার চলাকালীন দোষীরা যতদিন হেফাজতে ছিলেন, সেই সময়টা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ৪৬৮ ধারা অনুযায়ী মূল সাজা থেকে বাদ দেওয়া হবে। আদালত তিনজনকেই সাজা ভোগ করার জন্য হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। সেই অনুযায়ী জেল ওয়ারেন্ট জারি করার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান সরকার পক্ষের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অনির্বাণ গুহ ঠাকুরতা।

Source: Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Read full article on Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language