Hashtagintro

ফুসফুস থেকে চুম্বক বের করল ‘ম্যানমেড’ ম্যাগনেট! বিনা পয়সায় বানিয়ে বাজিমাত প্রভাকরদের

অভাবের সংসার। মানবিকতায় কোটিপতি। একচিলতে লোহার যন্ত্রপাতির কারখানা চালান প্রভাকর কাঁরার, দীপঙ্কর কাঁরার। তাদেরই মানবিকতা দেখে বিস্মিত চিকিৎসক। চিকিৎসকের কথামতো বিনা পারিশ্রমিকে তৈরি করলেন ‘ম‌্যাগনেট।’ তাতেই প্রাণ বাঁচল একরত্তির! কীভাবে? উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা বছর ছয়েকের আরাকাত আলি গিলে ফেলেছিল লিচুর বিজের সাইজের একটা চুম্বক। সেটা আটকে গিয়েছিল ফুসফুসে। শুরু হয় প্রবল শ্বাসকষ্ট। আরাকাতকে নিয়ে তার মা-বাবা আসেন কলকাতা মেডিক‌্যাল কলেজে। ইএনটি বিভাগের চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, অদ্ভুত আকৃতির চুম্বকটি শ্বাসনালি পেরিয়ে ঢোকে ডানদিকের ফুসফুসে। কলকাতা মেডিক‌্যাল কলেজের ইএনটি বিভাগে ভর্তি করা হয় সত্ত্বর। রিজিড ব্রঙ্কোস্কপির মাধ‌্যমে চুম্বকটি বের করার চেষ্টা শুরু করেন চিকিৎসকরা।

কিন্তু বিশাল আকার আর বিশেষ আকৃতির জন‌্য কিছুতেই তা বের করা যাচ্ছিল না। ইএনটি বিভাগের অ‌্যাসোসিয়েট প্রফেসর ডা. দীপ্তাংশু মুখোপাধ‌্যায় জানিয়েছেন, ‘‘ফুসফুসের মধ্যে গেঁধে গিয়েছিল চুম্বকটি। কিছুতেই বের করা যাচ্ছিল না। এদিকে যত সময় যাচ্ছিল বাচ্চাটির শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। মাথার মধ্যে একটাই চিন্তা কাজ করছিল। যে করে হোক শিশুটিকে বাঁচাতেই হবে।’’ তাহলে বের হবে কিভাবে? ডা. দীপ্তাংশু মুখোপাধ‌্যায়ের মাথায় আসে আইডিয়া। আরেকটা চুম্বক লাগবে। সেটার আকৃতি এমন হবে যা শিশুর গলা দিয়ে ব্রঙ্কোস্কপির নল দিয়ে ঢুকিয়ে দেওয়া যাবে। এক চুম্বকের আকর্ষণেই বেরিয়ে আসবে ফুসফুসে আটকে থাকা মারণ ম‌্যাগনেট। সেইমতো মানিকতলায় লেদ কারখানায় প্রভাকর কাঁরারের কাছে আসেন তিনি। বরাত দেন চুম্বক তৈরির।

‘‘কি কাজে লাগবে স‌্যার?’’ প্রভাকরের প্রশ্নে সবটা বুঝিয়ে বলেন চিকিৎসক। মুহূর্তে শুরু হয় কাজ। তারপর? ‘‘চুম্বকটা বানিয়ে দিয়ে এক টাকাও নেয়নি ওই লোহার কারখানার কর্মী। আমায় বলেছে, সামান‌্য একটা কারখানায় কাজ করি। আমার তৈরি করা একটা জিনিসে একটা বাচ্চার জীবন বাঁচবে। তার জন‌্য টাকা নেব? পারবো না স‌্যার।’’ জানিয়েছেন চিকিৎসক। অবশেষে বৃহস্পতিবার ডা. সৌমেন্দ্রনাথ বন্দ্যোপাধ‌্যায়, ডা. দীপ্তাংশু মুখোপাধ‌্যায়, ডা. দেবাশিস ঘোষ, এর নেতৃত্বে সেই চুম্বক দিয়ে শুরু হয় অস্ত্রোপচার।

প্রভাকর-দীপঙ্করের তৈরি ৩ মিলিমিটারের বিশেষ চুম্বক ব্রঙ্কোস্কপি ফরসেপ এর মুখে বেঁধে প্রবেশ করানো হয় আরাকাতের গলায়। ‘‘প্রথমে কিছুতেই উঠছিল না। প্রতিটি চুম্বকের দু’টি প্রান্ত দুটি ভিন্ন মেরু। চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। সেই কারণেই আকর্ষণ করছিল না। ফের উল্টোদিকটা প্রবেশ করাতে ঝট করে ধরে নেয় ফুসফুসে আটকে থাকা চুম্বকটা। ধীরে ধীরে ট্র‌্যাকিওস্টমির ছিদ্র দিয়ে বের করে আনা হয়েছে মারণ ম‌্যাগনেটটিকে। হাসপাতালে অনেকেই বলছিল ‘‘এখানে হবে না। এই রোগী রেফার করে দাও।’’ ডা. দীপ্তাংশু মুখোপাধ‌্যায় জানিয়েছেন, আমরা যে বাঁচাতে পেরেছি এটাই সবচেয়ে বড় সার্থকতা। আপাতত শিশুটিকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে। সে রয়েছে পর্যবেক্ষণে। অস্ত্রোপচার টিমে ছিলেন ডা. আত্রেয়ী বসু, ডা. শুভ্রজিৎ নস্কর, ডা. উদিতা সোরেনও।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language