Hashtagintro

ফেডারেশনের সভাপতি নির্বাচনে টুইস্ট? অরবিন্দ মেনন ইচ্ছাপ্রকাশ করতেই ইঙ্গিতপূর্ণ পোস্ট প্রফুল প্যাটেলের

ফেডারেশনের সভাপতি হওয়ার জন্য অরবিন্দ মেনন ইচ্ছাপ্রকাশ করায় তখন মনে হচ্ছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি পদে কে বসবেন, তা ঠিকই হয়ে গেল। সব রাজ্যের সঙ্গেও তিনি কথা বলা শুরু করে দিয়েছেন। এর পাশাপাশি বাইচুং ভুটিয়া-সহ একাধিক ফুটবলারের সঙ্গেও কথা বলা শুরু করে দিয়েছেন মেনন। কিন্তু শনিবার সকালে ফেডারেশেন প্রাক্তন সভাপতি প্রফুল প্যাটেলের একটি টুইটে জল্পনা শুরু হয়ে গিয়েছে, শেষ পর্যন্ত সভাপতি কে হবেন?

তাঁর টুইটে প্রফুল বর্ণনা করেন, তাঁর পরবর্তী সময়ে কল্যাণ চৌবের আমলে গত চার বছরে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতীয় ফুটবল। বিশেষ করে তুলে ধরেন কর্পোরেটরা আগ্রহ হারিয়ে ফেলেছেন। তাঁর সময়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ প্রতিযোগিতা আনতে গিয়ে কতটা কাঠখড় পোড়াতে হয়েছিল। ফিফাকে বোঝাতে হয়েছিল, এই দেশে ফুটবল কতটা জনপ্রিয়। এর পাশাপাশি একাধিক কর্পোরেট সংস্থাকে ফুটবলমুখী করেছিলেন। পেশাদারিত্বের পথে এদেশের ফুটবলকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। একই সঙ্গে তিনি প্রথম ভারতীয় হিসাবে ফিফা কাউন্সিলের মেম্বার হয়েছিলেন। পাশাপাশি হয়েছিলেন এএফসি-র সহ-সভাপতিও।

এর সঙ্গে প্রফুল একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন তাঁর টুইটের শেষ দিকে। লিখেছেন, ‘এখনই যেন কেউ সিদ্ধান্তে না চলে আসে। সবাই একসঙ্গে মিলে ভারতীয় ফুটবলকে ভালোর দিকে নিয়ে যেতে হবে।’ এই লাইনটিকে দেখেই বিশেষজ্ঞরা মনে করছেন, প্রফুল নাম না করে মেননের ইচ্ছাটাকেই বোঝাতে চেয়েছেন। মেনন ইচ্ছা প্রকাশ করলেও প্রফুল এখনও নিজে কিছু বলেননি যে তিনি সভাপতি হতে চান। তিনি শুধু বলেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রফুল ভোটার হিসাবে আসছেন ওয়েস্টার্ন ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশন থেকে।

তবে এটা ঠিক ফেডারেশন সভাপতি নিয়ে কিছুদিনের মধ্যেই একটা সিদ্ধান্ত হবে। এটাও বলা যায়, ফুটবল ফেডারেশনের সভাপতি কে হবেন তা নিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তবে এটাও ঠিক প্রফুল বা অরবিন্দ-যিনিই সভাপতি হোন না কেন, এঁদের মধ্যে কোনওরকম লড়াই হবে না। দু’জনেই এক প্যানেলে থাকবেন। এই রকমও হতে পারে একজন ফেডারেশন সভাপতি হবেন, আরেকজন ফিফা ও এএফসি-তে ভারতের প্রতিনিধি হিসাবে যাবেন। তবে এটা বোঝা যাচ্ছে, হয় প্রফুল নয়তো মেননই সভাপতি হচ্ছেন। সবটাই আপাতত কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের উপর নির্ভর করছে।

আবার এটাও বোঝা যাচ্ছে, এমন পরিস্থিতিতে বর্তমান সভাপতি কল্যাণ চৌবের আর ফিরে আসা প্রায় অসম্ভবই বলা যায়। আপাতত ৩০ নভেম্বর পূর্ণাঙ্গ ভোটারদের নাম প্রকাশ করবেন ফেডারেশন নির্বাচনের রিটার্নিং অফিসার রাজীব শর্মা। ডিসেম্বরের প্রথম সপ্তাহে মনোনয়ন জমা দেওয়ার দিন ধার্য হবে। তার আগেই পুরো বিষয়টা নিয়ে সিদ্ধান্ত হয়ে যাবে।

Source: Sangbad Pratidin Sports (Bengali)

Read full article on Sangbad Pratidin Sports (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language