ফ্লাই দুবাই কাণ্ডের এক সপ্তাহের মাথায় এবার কলকাতা বিমানবন্দরে এল হুমকি মেল! জানা যাচ্ছে, এদিন দুপুরে মেলে দাবি করা হয়েছে, বিমানবন্দরের ভিতরে বোমা মজুত করা হয়েছে। যে কোনও সময় বিস্ফোরণ ঘটবে। মেলকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্কের পরিস্থিতি বিমানবন্দরে। চিরুণি তল্লাশি শুরু করেছে সিআইএসএফ। নিরাপত্তার খাতিরে সরিয়ে দেওয়া হয়েছে যাত্রীদের।
জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে হঠাৎই হুমকি মেল আসে কলকাতা বিমানবন্দরে। সূত্রের খবর, সেখানে দাবি করা হয় বিমানবন্দরের ভিতরে বোমা রাখা আছে। যে কোনও মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে। সঙ্গে সঙ্গে যাত্রীদের সতর্ক করে যথা সম্ভব ফাঁকা করে দেওয়া হয় বিমানবন্দর। তল্লাশি শুরু করে সিআইএসএফ। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত কোনও বিস্ফোরক উদ্ধার হয়নি। স্রেফ ভয় দেখাতে এই হুমকি মেল পাঠানো হয়ে থাকতে পারে বলেও ধারণা অনেকের। তবে কারা এর নেপথ্যে, কোথা থেকে হুমকি মেল পাঠানো হয়েছিল, তা খতিয়ে দেখতে শুরু করেছে সাইবার বিশেষজ্ঞরা।
সম্প্রতি ফ্লাই দুবাইয়ের ইজরায়েলগামী বিমানের ককপিটের ঘটনায় শিউরে উঠেছে বিশ্ব। আর এই পরিস্থিতিতে ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত রভেন আজার সতর্ক করছেন নতুন ‘কট্টরপন্থী ইসলামি সন্ত্রাসী হামলার ঢেউ’ সম্পর্কে। তাঁর আশঙ্কা, প্রশাসন ও নিরাপত্তা এজেন্সিগুলির তুলনায় আরও দ্রুত নিজেদের ‘শক্তিশালী’ করে তুলতে চাইছে জঙ্গিরা। এমতাবস্থায় দমদম-সহ দেশের বিমানবন্দরগুলির নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে এই হুমকি মেল স্বাভাবিকভাবেই আতঙ্কের পরিবেশ তৈরি করেছে।