বক্সা থেকে বারবার পালিয়ে যাওয়া বাঘিনিকে নিয়ে রহস্য ক্রমশই বাড়ছে। সে কি সত্যিই অন্তঃসত্ত্বা ছিল? ‘বাঘবন্দি’র জেরে গর্ভেই কি মৃত্যু শাবকের? এসব রহস্য উন্মোচন করতে সুদূর দিল্লি থেকে দেশে বাঘ সংরক্ষণে সর্বোচ্চ নীতি নির্ধারণকারী সংস্থা ন্যাশনাল টাইগার কনজার্ভেশন অথরিটি (এনটিসিএ)র দল বক্সাতে এসে পৌঁছেছে। এই দলে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (ডব্লুআইআই) বিশেষজ্ঞরাও রয়েছেন। বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে তিন বছর বয়সের বাঘিনিকে বক্সাতে আনার জন্য চিহ্নিত করার আগেই ওই বাঘিনি অন্তঃসত্ত্বা ছিল বলে তথ্য উঠে আসছে। শুধু তাই নয়, অসমে ৩ নভেম্বর রাইমোনা জাতীয় উদ্যান লাগোয়া গেলাগুড়ি গ্রাম থেকে বাঘিনিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয়। তারপর ওইদিনই রাতে ফের বক্সায় এনক্লোজারে এনে ছাড়া হয়। অসমে বাঘিনিকে ঘুমপাড়ানি গুলি করার পরে বাঘিনির তিনটি ভ্রূণ নষ্ট হয়ে যায় বলেও দাবি করা হচ্ছে।
ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির ২০১৯ সালের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেডিওর (এসওপি) এ বলা আছে, গর্ভবতী, স্তনদানকারী বা ঋতুমতী কোনও বাঘিনিকে কোনওভাবেই একজায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যাবে না। রাজ্যের বনমন্ত্রী মনোজকুমার ওরাওঁ বলেন, ‘‘এই বিষয়ে আমার কিছুই জানা নেই। দিল্লি থেকে তদন্তকারী দল এসেছে। তারা তদন্ত করছে। তদন্ত রিপোর্ট পেলেই গোটা ঘটনা পরিষ্কার হবে।”
আর এই তথ্য বিভিন্ন মহলে জানাজানি হতেই তোলপাড় শুরু হয়ে গিয়েছে। যদিও বনকর্তারা এই সব খবরের কোনটারই সত্যতা স্বীকার করেননি। বৃহস্পতিবার দিনভর বক্সা টাইগার রিজার্ভের একাধিক আধিকারিককে ফোন করা হলে তাঁরা ফোন ধরেননি। যদি সত্যি এই বাঘিনি অন্তঃসত্ত্বা থেকে থাকে তাহলে গোটা প্রকল্প নিয়েই নানা প্রশ্ন উঠবে। কারণ বাঘ বিশেষজ্ঞদের একটি মহল বক্সার জঙ্গলে রেডিও কলার ডিটেকশন যন্ত্রের মাধ্যমে বাঘিনির গতিবিধির নজরদারি চালাচ্ছে বনকর্মীরা।
জানানো হয়েছে, ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির ২০১৯ সালের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেডিওর (এসওপি) এ বলা আছে, গর্ভবতী, স্তনদানকারী বা ঋতুমতী কোনও বাঘিনিকে কোনওভাবেই একজায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যাবে না। রাজ্যের বনমন্ত্রী মনোজকুমার ওরাওঁ বলেন, ‘‘এই বিষয়ে আমার কিছুই জানা নেই। দিল্লি থেকে তদন্তকারী দল এসেছে। তারা তদন্ত করছে। তদন্ত রিপোর্ট পেলেই গোটা ঘটনা পরিষ্কার হবে।” বনমন্ত্রীর আরও বক্তব্য, ‘‘বক্সার বাঘিনি, ডুয়ার্সরানি এখন ভালো আছে। সে বক্সাতেই আছে। ও স্থায়ীভাবে থাকতে শুরু করলে আমরা আরও বাঘ আনার প্রক্রিয়া শুরু করব।”
এদিন বনমন্ত্রী বক্সাতে বাঘিনি অবস্থান জানতে বক্সা টাইগার রিজার্ভের ভিতরে গিয়ে বাঘিনি যে এলাকায় অবস্থান করছে সেই এলাকা দেখে এসেছেন। বাঘিনি নিয়ে নানা রহস্যজনক তথ্য সামনে আসতেই বক্সা টাইগার রিজার্ভের আধিকারিকরা কিন্তু অসন্তোষ প্রকাশ করতে শুরু করেছেন। এদিন বক্সা টাইগার রিজার্ভের নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেন, ‘‘আমরা এনটিসি-এর গাইডলাইন অনুযায়ী কাজ করছি মাত্র। ওই বাঘিনির বয়স আমাদের যা লিখে দেওয়া হয়েছে সেটাই মেনে নিচ্ছি। এই সব ক্ষেত্রে আমাদের তেমন করারও কিছু নেই।”
জানা গিয়েছে, বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে বাঘিনিকে এনে বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে ছাড়ার সময় পর্যন্ত একাধিকবার তাকে ঘুমপাড়ানি গুলি করে অজ্ঞান করা হয়েছে। আবার জ্ঞান ফেরানোর জন্য অ্যান্টিডোট দেওয়া হয়। একবার এই বাঘিনিকে বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভের ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয়। আবার বক্সার এনক্লোজারেও রেডিও কলার খুলে যাওয়ার কারণে ঘুমপাড়ানি গুলি করে কাবু করে তা ঠিক করা হয়। আবার অসমে চলে গেলে সেখান থেকেও ঘুমপাড়ানি গুলি করে কাবু করে তাকে বক্সাতে ফেরানো হয়। তার উপর বাংলা, বিহার ও অসম এই তিন রাজ্যে সড়ক ও আকাশ পথে বাঘিনিকে আনা নেওয়াতে যে ধকল হয়েছে, সেই ধকলের কারণেই কি ‘অন্তঃসত্ত্বা’ বাঘিনির ভ্রূণ নষ্ট হয়েছে, এই সব নানান প্রশ্ন বিভিন্ন মহলে ঘোরাফেরা করছে।
