Hashtagintro

বড়লোক হওয়ার নেশায় এআইয়ের পরামর্শে ভাইপোকে ‘খুন’, কিডনি-চোখ বের করে পুঁতল গর্তে!

রাজমিস্ত্রির কাজ করে সংসার চালাতে নুন আনতে পান্তা ফুরনো দশা। রাতারাতি বড়লোক হওয়ার নেশা চেপে বসেছিল ছত্তিশগড়ের জশপুরের যুবকের মাথায়। সোশাল মিডিয়ার ভিডিও দেখে সিদ্ধান্ত নেয় কারও অঙ্গ বিক্রি করে বড়লোক হওয়ায়। এরপর দীর্ঘদিন ধরে পরামর্শ করে এআইয়ের সঙ্গে। যার পরিণতি হল ভয়ংকর। ৪ বছরের ভাইপোর কিডনি, ফুসফুস চোখ বের করে নেওয়ার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম বাসুদেব কোরওয়া। বয়স ২৭ বছর। দিনমজুরের কাজ করত সে। ফলে আর্থিক সমস্যা তো ছিলই। এদিকে বড়লোক হওয়ার তীব্র আকাঙ্খা ছিল তার মনে। সোশাল মিডিয়ার দৌলতে এখন হাতের মুঠোয় সবটা। যে কোনও বিষয়ের তথ্য পাওয়া যায় নিমেষে। সোশাল মিডিয়ার সূত্র ধরেই বাসুদেব জানতে পারে, অঙ্গ বিক্রি করলে মোটা টাকা মেলে। এরপরই সে নীলনকশা ছকে ফেলে। কীভাবে অঙ্গ জোগাড় করবে, কীভাবে কার কাছে তা বিক্রি করবে, সবটাই প্রথমে তার কাছে ধোঁয়াশা ছিল। সেই কারণেই সে সাহায্য নেয় এআইয়ের। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে ক্রমাগত এআইয়ের সঙ্গে এনিয়ে কথা বলে সে।

এরপর আসে সেই ভয়ংকর দিন। ৫ নভেম্বর, মামাতো দাদার ৪ বছরের ছেলেকে মাংস খাওয়ানোর লোভ দেখিয়ে ডাকে বাসুদেব। প্রথমে খুদেকে মদ্যপান করানো হয় বলে অভিযোগ। অচৈতন্য হয়ে পড়লে তার গলা কেটে খুন করা হয়। এরপর শরীর থেকে বের করে নেওয়া হয় কিডনি, ফুসফুস, চোখ। এখানেই শেষ নয়। নারকীয় কাণ্ডের পর খুদের শরীর কম্বলে মুড়ে একটি গর্তে রেখে দেয় গুণধর। এদিকে অঙ্গগুলোকে একটি বালতিতে রেখে তা অন্যত্র পুঁতে দেয়। বাসুদেবের দাবি অনুয়ায়ী, সে জানত দিল্লি থেকে ক্রেতা আসবে অঙ্গ নিতে। এদিকে পরিবারের সদস্যরা খুদেকে খুঁজে না পেয়ে স্বাভাবিকভাবেই তল্লাশি শুরু করে। আচরণ সন্দেহজনক হওয়ায় এরপরই বাসুদেবকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জেরা করতেই প্রকাশ্যে আসে হাড়হিম কাণ্ড। ধৃতের বলা জায়গা থেকে উদ্ধার হয় ছিন্নভিন্ন দেহ। যুবকের নৃশংসতায় আঁতকে উঠছেন সকলে।

Source: Sangbad Pratidin India (Bengali)

Read full article on Sangbad Pratidin India (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language