‘আমি তোমাদেরই লোক’ – বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার এই পঙ্ক্তি নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠল বাংলাদেশে। যে দেওয়ালে কবিগুরুর মুখে কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছে, সেই কালি মুছতে এগিয়ে এলেন এক সাধারণ রিকশাচালক। কোনও প্রচারের আলোয় থাকার জন্য় বা কোনও বার্তা দিতে নয় – শুধুমাত্র রবীন্দ্রনাথের প্রতি অসীম শ্রদ্ধা এবং ভালোবাসা থেকেই তাঁর এই উদ্যোগ।
শনিবার দুপুরে ঢাকার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেওয়ালে আঁকা রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দিয়ে মুছে ফেলার চেষ্টা করেন এক মহিলা। তাঁর সঙ্গে ছিলেন আরও কয়েকজন। শাহবাগ থানার এসআই আব্দুল খালেক জানান, ঘটনাস্থল থেকে এক মহিলা-সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাঁরা পুলিশ হেফাজতে রয়েছেন। এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে। মহিলার দাবি, রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিপক্ষে ছিলেন। সে কারণেই তিনি কালি লেপে দিয়েছেন। যদিও মহিলার সেই দাবি একেবারেই ভুয়ো এবং ভিত্তিহীন। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাও ছড়িয়ে পড়ে।
তবে ঘটনাস্থল একটু ফাঁকা হতেই সেই ভিন্ন ছবি দেখা যায়। গ্রাফিতি থেকে কালি মুছতে এগিয়ে আসেন জনৈক এক রিকশাচালক। ঘটনার বেশ কয়েকটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও সেগুলির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, জল ঢেলে কালি তুলছেন ওই রিকশাচালক। তারপর নিজের কাঁধে থাকা গামছা দিয়ে পরিষ্কার করছেন গ্রাফিতি। এরপরই গ্রাফিতিটি পুরনো রূপে ফিরে যায়।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম শিল্পকলা একাডেমির সীমানা প্রাচীর উদ্বোধন করেন। সেখানে রবীন্দ্রনাথ, নজরুল, জয়নুল আবেদিন, লালন শাহ, সত্যজিৎ রায়, এস এম সুলতান, বিদ্যাসাগর, জহির রায়হান, শাহ আবদুল করিম, হুমায়ুন ফরীদি ও সঞ্জীব চৌধুরী সহ ১০ গুণী ব্যক্তিত্বের গ্রাফিতি আঁকা হয়েছে। এখানেই রবীন্দ্রনাথের গ্রাফিতিকে নিশানা করে দুষ্কৃতীরা।
