গোটা পঁচিশ সালজুড়ে ‘মাতৃভূমি’র কাজে ডুবে ছিলেন সলমন খান। কর্নেল বিকুমল্লা সন্তোষের ভূমিকায় অভিনয়ের জন্য বহু কসরত করে ভেঙেচুরে নিজের শরীরী গড়ন বদলেছেন। নিত্যদিন ঘণ্টার পর ঘণ্টা প্রেশার চেম্বারে ঘাম ঝরানোর পাশাপাশি ডায়েটেও বদল আনতে হয়েছিল তাঁকে। লাদাখের হাঁড়কাপানো ঠান্ডায় প্রতিকূলতার সঙ্গে লড়াই করে কীভাবে দাঁতে দাঁত চেপে শুটিং করেছিলেন ভাইজান? সেই হাড়ভাঙা কসরতের গল্প শোনালেন পরিচালক অপূর্ব লাখিয়া।
“প্রথমে ঠিক হয়েছিল, মুম্বইয়ের একটি স্টুডিওতে এই দৃশ্যের শুটিং করব। কিন্তু সলমন স্যরের সঙ্গে কথা বলার পর বুঝতে পারি, সেট তৈরি করে সেই বাস্তব অনুভূতি ফুটিয়ে তোলা কখনওই সম্ভব নয়। তাই…”
‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর ঝলক ইতিমধ্যেই দর্শকমহলের নজর কেড়েছে। সম্প্রতি সিনেমার এক গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং নিয়ে মুখ খুলেছিলেন পরিচালক। তিনি জানান, ছবিতে বাস্তবতা বজায় রাখতে কোনওরকম শর্টকাটের পথে হাঁটিনি আমরা। বরং লাদাখের রুক্ষ্মভূমিতে, প্রতিকূল আবহাওয়ায় শুটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অপূর্ব লাখিয়ার মন্তব্য, “প্রথমে ঠিক হয়েছিল, মুম্বইয়ের একটি স্টুডিওতে এই দৃশ্যের শুটিং করব। কিন্তু সলমন স্যরের সঙ্গে কথা বলার পর বুঝতে পারি, সেট তৈরি করে সেই বাস্তব অনুভূতি ফুটিয়ে তোলা কখনওই সম্ভব নয়। তাই সেপ্টেম্বরের শেষের দিকে আমরা বাইরে গিয়ে শুটিং করি। জলের তাপমাত্রা প্রায় শূন্য ডিগ্রির কাছাকাছি তখন। সিনেমার পর্দায় সলমন এবং বাকি অভিনেতাদের যখন কাঁপতে দেখবেন, বুঝবেন সেটা অভিনয় নয়, বরং আদতেই ওঁরা বরফগলা জলে শুটিং করতে গিয়ে কাঁপছিলেন। প্রতিদিন ছ’ঘণ্টা ধরে ওঁরা ওই হিমশীতল জলে শুটিং করেছিলেন। এমনকী, শটের ফাঁকে ভেজা পোশাক পরেই খাবার খেয়েছেন সলমন।”

পরিচালক এও জানান যে, প্রথমে ভেবেছিলেন এক দিনেই দৃশ্যটির শুটিং শেষ হয়ে যাবে। কিন্তু শেষপর্যন্ত আড়াই দিন সময় লেগে যায়। তাঁর কথায়, “কলাকুশলীদের গোটা টিমটাই ঠান্ডায় কাঁপছিল।” লাদাখের প্রতিকূল আবহাওয়ায় এত কম দিনের শিডিউলে এহেন ‘হেভিওয়েট’ সিনেমার শুটিং শেষ করা যে চারটিখানি কথা নয়, তা বলাই বাহুল্য। ২০২০ সালে গালওয়ান ভ্যালির ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে এই ছবি। যেখানে কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর ভূমিকায় দেখা যাবে সলমন খানকে। যিনি গালওয়াল সংঘাতে ভারতীয় সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন। জওয়ানের চরিত্রে অভিনয়ের জন্য কড়া হোমওয়ার্কও করেছেন ভাইজান। এবার এহেন নতুন অবতারে ভাইজানকে বড়পর্দায় দেখার অপেক্ষায় দর্শক।
