Hashtagintro

বর্ধমান থেকে চুরির ফোন বাংলাদেশে বিক্রি! থানায় এসে ফেরত দিলেন ওপারের বাসিন্দা

বর্ধমান থেকে চুরি যাওয়া দামি মোবাইল পৌঁছে গিয়েছিল বাংলাদেশে। সেখানকার এক বাসিন্দা কিছু না জেনেই দোকান থেকে মোবাইলটি কিনেছিলেন। তারপর ভারতে চিকিৎসা করাতে আসেন তিনি। তখনই পুলিশের কাছে বিষয়টি জানতে পেরে সোমবার বর্ধমান থানায় গিয়ে মোবাইল ফেরত দিলেন ওই বাংলাদেশি নাগরিক।

গত ৩০ জুন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর থেকে বাঁকুড়ার বাসিন্দা পায়েল ধারার স্যামসাং গ্যালাক্সি এস ২৪ আলট্রা মোবাইল খোয়া যায়। তিনি বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে জানতে পারে মোবাইল সেটটি কাঁটাতারের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পোঁছে গিয়েছে। সেটি উদ্ধার কার্যত অসম্ভব হয়ে ওঠে। কয়েকদিন আগে চমকপ্রদ ঘটনা ঘটে। পুলিশের সাইবার সেল জানতে পারে ওই সেটটি ভারতের চেন্নাইয়ে চালু হয়েছে। পুলিশ যোগাযোগ করে জানতে পারে বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা মহম্মদ আহাদ আলি নওদা জেলার ‘জনি গ্যাজেট’ নামে একটি দোকান থেকে ওই মোবাইল ফোনটি কেনেন। চিকিৎসার জন্য বৈধ ভিসা নিয়ে ভারতের চেন্নাইয়ে আসেন। এসে ওই ফোনে ভারতীয় সিম কার্ড ব্যবহার করেন তিনি।

ফোনটির অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার পরে আহাদ আলির সঙ্গে যোগাযোগ করে বর্ধমান থানার পুলিশ। চুরির ফোন ব্যবহার করছেন জানতে পেরে অবাক হয়ে যান আহাদ। তিনি পুলিশের সঙ্গে সবরকম সহযোগিতার আশ্বাস দেন। নিজেই বর্ধমান থানায় এসে সেটটি ফেরত দিয়েছেন। ফোনটি উদ্ধার হলেও তদন্ত থামছে না। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ভারত থেকে চুরি করা ফোন দেশে বিক্রি করলে পুলিশের জালে ধরা পড়ার সম্ভাবনা থাকেই। তাই সীমান্ত পার করে দেওয়া হচ্ছে চুরির মোবাইল। এর পিছনে বড় চক্র সক্রিয় থাকতে পারে বলে মনে করছে পুলিশ।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language