বর্ধমান মেডিক্যাল কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের চাঁদা আদায়কে কেন্দ্র করে নতুন করে বিতর্ক। অভিযোগ, প্রথম বর্ষের এমবিবিএস পড়ুয়াদের কাছ থেকে সাড়ে ৫ হাজার টাকা চাওয়া হচ্ছে। শুধু তাই নয়, সংঘের চিকিৎসক সংগঠন ন্যাশনাল মেডিক্স অর্গানাইজেশনের (এনএমও) নাম করে পড়ুয়াদের উপর চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ ওঠে।
সোশাল মিডিয়ায় পোস্ট করে এক পড়ুয়া এই অভিযোগ তুলে ধরেন। তিনি লেখেন, বইপত্র, পড়াশোনার সামগ্রী কিনতে প্রচুর খরচ। হস্টেলের ঘর না পেয়ে প্রতিমাসে অনেক টাকা বাড়ি ভাড়া দিয়ে থাকতে হচ্ছে। এই পরিস্থিতিতে ফেস্টের জন্য এত টাকা দিতে অনেকের সমস্যা হচ্ছে। ওই পোস্টেই পড়িয়ার দাবি, এনএমও-র নাম ব্যবহার করে তাদের উপর চাপ তৈরি করা হচ্ছে। এ নিয়ে অবশ্য প্রথম বর্ষের পড়ুয়ারা দাবি করেছেন, ফেস্ট কমিটির সদস্যরাই চাঁদা দেওয়ার জন্য চাপ দিচ্ছেন।
এ প্রসঙ্গে এনএমও-র রাজ্য সম্পাদক জানিয়েছেন, “এনএমও একটি অরাজনৈতিক সংগঠন। সারাবছর আমাদের কর্মসূচির তালিকা রয়েছে। কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলিতে যে নবীনবরণ বা বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেখানে চাঁদা তোলার জন্য আমরা যুক্ত নই। এনএমও-র নামে টাকা তোলা হচ্ছে বলে কেউ লিখিত অভিযোগ জানালে, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”