বৃহস্পতিবার সাতসকালে বাঁশদ্রোণী থানার ব্যারাক থেকে উদ্ধার হল এক পুলিশকর্মীর দেহ। ব্যারাকের দোতলার একটি ঘর থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন তাঁর সহকর্মীরা। জানা গিয়েছে, দরজা ভেঙে তাঁর দেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই পুলিশকর্মী। কিন্তু কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। সাতসকালে পুলিশকর্মীর দেহ উদ্ধারের ঘটনায় ব্যারাকে চাঞ্চল্য ছড়িয়েছে।
মৃতের নাম সঞ্জয় হালদার (৪০)। তিনি পুলিশের ড্রাইভার পদে কর্মরত ছিলেন। মূলত পুলিশ আধিকারিকদের গাড়ি ও অভিযুক্তদের নিয়ে যাওয়ার গাড়ি চালাতেন তিনি। তাঁর বাড়ি দোলতলাতে হলেও বেশিরভাগ সময় ব্যারাকেই থাকতেন তিনি। অন্যান্য দিনের মতো বুধবার রাতেও ব্যারাকেই ছিলেন সঞ্জয়। তাঁর অন্যান্য সহকর্মীরা রাতে কাজে বেরিয়ে যান। এরপর ভিতর থেকে ঘরের দরজা বন্ধ করে দেন সঞ্জয়। সকালে সহকর্মীরা দরজা ধাক্কাধাক্কি করেও সাড়া পাননি সঞ্জয়ের। এরপর দরজা ভেঙে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। যদিও এই ঘটনায় কোনও সুইসাইড নোট উদ্ধার করা হয়নি।
জানা গিয়েছে, সঞ্জয়ের মোবাইলটি লক করা। সেটি ফরেনসিকের জন্য পাঠানো হয়েছে। সেই মোবাইল ফোন ঘেঁটে এই রহস্যমৃত্যুর কিনারা করতে চান তদন্তকারীরা। ইতিমধ্যেই সঞ্জয়ের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। কাজের চাপ নাকি পারিবারিক কোনও সমস্যা? কী কারণে তিনি এই ঘটনা ঘটিয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পিছনে অন্য কোনও বিষয় রয়েছে কি না তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। যদিও পুলিশের প্রাথমিক অনুমান, সঞ্জয় আত্মঘাতী হয়েছেন।
