মহম্মদ জিশান আলি। ‘শেনঝৌ’ মহাকাশযানে চেপে মহাকাশে পাড়ি দিয়েছেন এই পাক নভশ্চর। আদতে চিনের ‘ঘাড়ে চেপে’ হলেও অন্তরীক্ষে কিন্তু ‘জামাই আদরে’ই থাকবেন তিনি। তাঁর জন্য বিশেষ হালাল খাবারের বন্দোবস্ত করা হয়েছে। থাকছে নানা লোভনীয় পদ। সব মিলিয়ে শতাধিক হালাল খাবার।
সযত্নে বাছাই করা খাবারগুলির মধ্যে রয়েছে পাকিস্তানি জনপ্রিয় সব পদ, যেমন— বিফ নিহারি, ল্যাম্ব কোরমা, ছোলা কারি এবং বাটার চিকেন। সবক্ষেত্রেই মাংসগুলি সবই হালাল করা। এখানেই শেষ নয়। পাকিস্তানি খাদ্যাভ্যাস, সংস্কৃতি ও পুষ্টিগত চাহিদার দিকে তাকিয়েই খাবার তৈরি করা হয়েছে। হলুদ ও কারি মশলার প্রতি জিশান আলির বিশেষ পছন্দের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।
চিনের ‘তিয়ানগং’ মহাকাশ স্টেশনে থাকবেন জিশান। প্রায় একসপ্তাহ ধরে মাইক্রোগ্র্যাভিটি বা অতি-মাধ্যাকর্ষণহীন পরিবেশে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালাবেন। অংশ নেবেন শিক্ষামূলক কার্যক্রমেও। আপাতভাবে এই বিষয়টি ততটা অভিনব না হলেও পাকিস্তানের মতো দেশের কাছে এই সাফল্য নিশ্চিতভাবেই এক বিরাট প্রাপ্তি। খুব কম দেশের নাগরিকরাই পৃথিবীর কক্ষপথে ভ্রাম্যমাণ মহাকাশ স্টেশনে থাকার কৃতিত্ব অর্জন করেছেন। এবার সেই সব দেশের তালিকায় নিজের নাম তুলতে সক্ষম হল পাকিস্তান। তবে এই অভিযানের জন্য পাকিস্তানকে চিনের সাহায্য নিতে হয়েছে পুরোপুরি। কারণ মহাকাশে মানুষ পাঠানোর মতো নিজস্ব কোনও রকেট বা মহাকাশযানই নেই প্রতিবেশী দেশটির। খাবার দাবারের ক্ষেত্রেও চিন পাক নভশ্চরের মনের মতো খাবারই দিয়ে ‘বন্ধুকৃত্য’ করছে।
বলে রাখা ভালো, ২০২৯ সালে চাঁদে যাওয়ার পরিকল্পনা পাকিস্তানের। পৃথিবীর একমাত্র উপগ্রহে নামবে ‘জিন্না-১’। তবে এই অভিযানও হবে পরস্মৈপদী। অর্থাৎ চিনের ঘাড়ে ভর দিয়েই আপাতত মহাকাশ অভিযান করতে চায় ইসলামাবাদ। কেননা পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো এখনও পর্যন্ত স্বাবলম্বী হয়ে কোনও উপগ্রহই পাঠাতে পারেনি।
