Hashtagintro

বাদুড়ঝোলার দিন শেষ, এবার সব লোকালেই মেট্রোর মতো ‘অটোমেটিক’ দরজা! বড় সিদ্ধান্ত রেলের

লোকাল ট্রেন মানেই বাদুড়ঝোলা। বিশেষ করে অফিস টাইম বা দিনের অন্য ব্যস্ত সময়ে। বহু যাত্রীকে দেখা যায় শরীরের অর্ধেক ট্রেনের ভিতরে, বাকি অর্ধেক বাইরে ঝুলছে। কোনওক্রমে ট্রেনে এক পা দিতে পারলেই ঝুলতে ঝুলতে গন্তব্যে যাওয়া। আর উপায়ও যে নেই। লোকাল ট্রেনের মতো সস্তায় পুষ্টিকর এবং স্বল্পসময়ের বাহন আর আছেই বা কোথায়। কিন্তু এবার সেই বাদুড়ঝোলার দিন সম্ভবত শেষ হতে চলেছে। লোকাল ট্রেনেও এবার অটোমেটিক দরজার কথা ভাবছে রেল। শুরুটা হচ্ছে মুম্বই দিয়ে।

গত বছর জুন মাসে মুম্বইয়ে চলন্ত লোকাল ট্রেন থেকে পড়ে পাঁচজনের মৃত্যুর পরই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস ঘোষণা করেন, এবার সব লোকাল ট্রেনে অটোমেটিক দরজার ব্যবস্থা করা হবে। এমনিতে মুম্বইয়ে প্রচুর এসি লোকাল চলে। সেগুলির অটোমেটেড দরজা রয়েছে। এবার নন এসি ট্রেনেও তেমনটাই করার পরিকল্পনা রয়েছে। যেমনটা মেট্রো বা এসি ট্রেনে হয়, ট্রেন স্টেশনে দাঁড়ালে দরজা খুলবে, চলন্ত অবস্থায় বন্ধ থাকবে। ফলে দুর্ঘটনার সম্ভাবনা কমবে।

ইতিমধ্যেই চেন্নাইয়ের ইন্টেগ্রাল কোচ ফ্যাক্টারি এই ধরনের স্বয়ংক্রিয় দরজা বিশিষ্ট একটি ১২ কোচের নন এসি রেক তৈরি করেছে। যা আপাতত চূড়ান্ত ছাড়পত্রের অপেক্ষায়। ছাড়পত্র পেলেই সেটি পরীক্ষামূলকভাবে চালানো হবে। রেলকর্তারা মনে করছেন, নন এসি রেকের দরজা বন্ধ রাখলে দুর্ঘটনা যেমন কমবে তেমনই সমস্যাও হতে পারে। কারণ দরজা বন্ধ থাকলে ভেন্টিলেশন একটি বড় সমস্যার কারণ হতে পারে। তাছাড়া বন্ধ দরজার ভিতরে ঠাসাঠাসি-গাদাগাদিও বাড়বে। সেই সঙ্গে সব স্টেশনে দরজা বন্ধ হতে সমস্যার কারণে ট্রেন লেট হওয়ার প্রবণতা থাকবে। সবটা খতিয়ে দেখে তবেই ওই ট্রেনে ছাড়পত্র দেওয়া হবে। আপাতত শুধু মুম্বইয়েই এই ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। আগামী দিনে গোটা দেশে ওই ট্রেন চালানোর কথা ভাবা হবে।

উল্লেখ্য, স্রেফ ২০২৫ সালেই মুম্বই লোকালে দুর্ঘটনায় প্রাণ গিয়েছে ২২৮৭ জনের। ২০২৪ সালে সংখ্যাটা ছিল ২৪৬৮ জন। এর মধ্যে ২০২৫ সালে ৫২৫ জন মারা যান চলন্ত ট্রেন থেকে পড়ে। ২০২৪ সালে এই সংখ্যাটা ছিল ৫৭০। ওই বিরাট সংখ্যক মৃত্যু রুখতেই স্বয়ংক্রিয় দরজার কথা ভাবছে রেল।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language